গঙ্গার শুশুকের প্রধান খাবার হল কাদার ভেতরের আর জলের উপরতলের ছোট ছোট মাছ। কাদার ভেতরে মাছ খোঁজার ক্ষেত্রে এদের লম্বা চঞ্চু খুব সাহায্য করে। এদের চঞ্চুতে দাঁত থাকলেও মাছ ধরার পর আদৌ চিবোয় না, সরাসরি গিলে নেয়। খাবারের ব্যাপারে শুশুকের বাছবিচারও কম নয়। এরা আহত বা মরা মাছ ছোঁয় না। মাছের ঝাঁক দেখতে পেলে সেটিকে তাড়া করে অগভীর জলের দিকে নিয়ে যায়। আর তারপর টপাটপ ধরে ও গিলে নেয়। মাছ ছাড়াও এরা গেঁড়ি-গুগলি খায়।






















