কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস-চালককে আগেই জানানো হয়েছিল। সে বাস নিয়ে গিয়েছিল সদরে, স্টেশনে। রোজ যেমন যায়। ফিরতে-ফিরতে সন্ধ্যা। মঙ্গল মাহাতোরও তার সঙ্গেই থাকার কথা। কিন্তু তাকে পুলিশ কাকভোরে বাড়ি থেকে তুলে আনায়, বাসমালিক অন্য একজনকে ব্যবস্থা করে পাঠিয়েছেন আজকের মতো। মঙ্গল মাহাতো অবশ্য সাইকেল মাহাতোর মতো চোটপাট করেনি। পুলিশ বাড়িতে যেত প্রথমে কিছুটা হতবাক হয়ে পড়েছিল, তারপর চোখে অস্বস্তি, ভয় দেখা দিয়েছিল। এখন অবশ্য শাক্য এবং সুদীপ্তর সামনে বসে ধূর্ততার সঙ্গে কী প্রশ্ন ভেসে আসে, তার জন্য অপেক্ষা করছিল।

ঘরে একটাই টেবিল আর তিনখানা চেয়ার। টেবিলের দু’পাশে দু’টি, আর একটি একটু তফাতে, যেখানে ঘরে ঝোলানো একমাত্র বাল্বের হলুদ আলো ভালোভাবে পৌঁছাচ্ছে না, সেখানে। শাক্য বসেছিল ওই আলো-আঁধারি ঘেরা চেয়ারটায়। টেবিলের দুই প্রান্তে মুখোমুখি বসেছিল সুদীপ্ত এবং মঙ্গল। আফজলকে পাঠানো হয়েছে অন্য একটি কাজে, না হলে অন্যদিন সে-ও উপস্থিত থাকে। একজন কনষ্টেবল দরজার কাছে দাঁড়িয়ে আছে। জেলা পুলিশের দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে, বাসচালক সেখানে পৌঁছলেই যেন তাকে নজরবন্দি করে পিশাচপাহাড়ে পাঠানো হয়। ফেরার পথে তার পালানোর সম্ভাবনা প্রবল।
মঙ্গল উসখুস করছিল। আধ ঘন্টার উপর হয়ে গেল তাকে এই ইন্টারোগেশন রুমে আনা হয়েছে, কিন্তু তারপর থেকে সে বসেই আছে আর বসেই আছে। সামনে থানার সেকেণ্ড অফিসার চুপ করে বসে এক দৃষ্টিতে তাকে দেখেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন। অন্যদিকে আর-একজন, সে শুনেছে, লালবাজারের খোঁচর, লোকটি নিজের মুখ অন্ধকারে ঢেকে বসে আছে। লোকটিকে ভালো দেখা যাচ্ছে না যদিও, তবুও সে বুঝতেই পারছে, লোকটিও তার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে।

এই তাকিয়ে থাকাটাই পছন্দ হচ্ছে না মঙ্গলের। এর চেয়ে যদি কিছু জিজ্ঞাসা করে, যা হোক কিছু, সে সামলে নিতে পারত। কিন্তু এরা জিজ্ঞাসাবাদের নাম করে বাড়ি থেকে তুলে এনে এভাবে বসিয়ে রেখেছে কেন, কী মতলবে, সেটা নিয়েই ভাবছে সে! ভাবছে আর অস্বস্তিতে পড়ছে। সাইকেল কি কিছু বলেছে এদের? তা না হলে এতদিন পরে তাকে তুলে আনল কেন এরা?
দেড় ঘণ্টা পার হয়ে যেতে সে আর পারল না। গলায় শব্দ করে একটু ইতস্তত করে বলল, “স্যার…”
সুদীপ্ত বা শাক্য কেউ কোনও জবাব দিল না।
মঙ্গল আবারও ডাকল, “স্যার, আমাকে কি এভাবে খালি বসিয়ে রাখতেই এখানে তুলে আনা হয়েছে? এদিকে আজ কাজে গেলাম না বলে, আমার আজকের মজুরিটাও তো গেল!”
সুদীপ্ত বা শাক্য তাও স্পিকটি নট্।
মঙ্গল বলল, “স্যার আমি কিছু জানি না সাইকেলের কাজকর্মের ব্যাপারে…! মাইরি বলছি…!” বলে জিভ কাটল। বলল, “ভুল করে বলে ফেলেছি স্যার! মুখ্যুসুখ্যু মানুষ তো। মাফ করে দিয়েন!”
সুদীপ্ত কিছু বলছে না দেখে সে বলল, “সাইকেল স্যার ছোটবেলা থেকেই ওইরকম। চোরচোট্টামি, চুরি-হাতসাফাই! কত বুঝিয়েছে সকলে। শোনেনি। ইতো বড় ঘটনা ঘঞটিন গেল, আমাদের বেবাক কুনদিন কিছু বলেনি স্যার! বিশ্বাস করুন!”
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

সুদীপ্ত চুপ করে শুনছিল। শাক্য নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মুখ খোলা বারণ।
মঙ্গল বলে চলল, “পেত্থম পেত্থম পাড়াতে চুরিচামারি করত স্যার, পরে উই চার্চে গেঞল, ব্যাস্‌, ওর একেবারে চলনবলন সব বদলে গেঞল স্যার! আমরা ভাবছি বুঝি চার্চের কামকাজ পেইঞছে, সেই কারণে এত বাড়বাড়ন্ত। কিন্তু তলে-তলে যে এত তা জাইঞব কেমন করে স্যার! আমার স্যার, দেখলেনই তো! ওই মেটে ঘর আর খোলার চাল। আমি যদি বে-আইনি কাজ কইঞতাম, তাহলে আমার কি আর একখান পাকা বাড়ি হত না?”
শাক্য গলায় শব করল। এটা সঙ্কেত। সুদীপ্তকে বলা, এবার শুরু কর।
সুদীপ্ত বলল, “মঙ্গল…!”
এতখণ পরে সুদীপ্ত কথা বলায় মঙ্গল প্রথমটায় একটু চমকে উঠেছিল। তারপর থতমত খেলো। আবার ভাবল, যাক্‌, হয়ত তার কথায় বিশ্বাস করেছেন, সেজন্য অফিসার এতক্ষণে মুখ খুলেছেন।
মঙ্গল হাতে হাত ঘষে গলায় মধু ঢেলে বলল, “বলুন স্যার…”
“সেদিনকার কথা মনে আছে?”
একটু অবাক হল মঙ্গল। সে ভেবেছিল, তার কথার সূত্রেই কোণ প্রশ্ন আসবে এবং সেগুলি সাইকেল সংক্রান্ত, সে ঠিক করেই এসেছিল, সাইকেল সম্পর্কে সে যা জানে, তা তো বলবেই; যা জানে না, তাও বলবে, বানিয়ে-বানিয়ে! সাইকেলের সঙ্গে কোনওভাবে তার লিংক আছে, এটা যেন পুলিশবাবুরা টের না পায়! কিন্তু এই অফিসার তো দেখছে সে, অন্য কিছু জানতে চাইছেন!
সে অবাক গলায় বলল, “কুন দিনের কথা বলছেন স্যার?”
“যেদিন শহর থেকে যাত্রী নিয়ে তোমাদের বাস ফেরার সময় তোমরা বাসরাস্তার ওপর কালাদেওর দেখা পাও, সেদিনের কথা! মনে আছে?”
মঙ্গল একটু সময় নিয়ে গুছিয়ে নিল কথাগুলি। ও আচ্ছা, এরা তাহলে সেদিনের কথা জানতে চায় ? মিথ্যে ভয় পেয়েছিল সে।
সে বলল, “হ্যাঁ স্যার, তা কি আর ভোলা যায়?”
“কালাদেও কী করছিল যেন মঙ্গল?” এবারের প্রশ্নটা করল শাক্য।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

ওদিক থেকে প্রশ্ন আসায় মঙ্গল একটু থতমত খেয়ে গেল। তারপর সামলে নিয়ে বলল, “আজ্ঞে কালাদেও স্যার একজন বেট্যাছেইলার মুণ্ডূ চিবিয়ে খাইঞছিল স্যার বুকের উপর চেপে বসে!”
“তাই নাকি?”
“হ্যাঁ স্যার!”
“তুমি দেখলে নিজের চোখে?”
“নাইলে আর বলছি কী স্যার?”
“কীভাবে দেখলে?”
“মানে? নিজের চুখে দেখলাম স্যার…”
“ও। আচ্ছা প্রথম কে দেখেছিল তুমি না ড্রাইভার। কী যেন নাম…।”
“দেবু স্যার। দেবু প্রামাণিক। আমাদের মালিকের বাসের ডেরাইভার!”
“তা দেবু প্রথম দেখেছিল, নাকি তুমি?”
“দু’জনেই স্যার!”
“ও!”
“হ্যাঁ স্যার!”
“আচ্ছা, কালাদেও তো পরে পালিয়ে গিয়েছিল। মানে তোমরা কাছাকাছি যাওয়ার আগেই পগারপার…তাই তো?”
“হ্যাঁ স্যার। বাসের আওয়াজ শুনেছে আর পালিয়েছে!”
“মানে? বাস আসার পর পালায়নি? কারণ, বাসের আওয়াজ তো অনেক দূর থেকেই শোনা যাচ্ছিল নিশ্চয়ই। ও পথে তো আর শহরের মতো বাস-প্রাইভেট গাড়ি ইত্যাদি চলে না। তার উপর বিকেল ফুরিয়ে আসছিল তখন। ওইসময় তো অরণ্যের পথ আরও শুনশান থাকে। সে-সময় দূর থেকে বাসের আওয়াজ পেয়েই তো তোমার কালাদেওর সরে যাওয়া উচিত। তাই না?”
“হ্যাঁ স্যার। সেটাই মনে হচ্ছে এখন! কিন্তু কেন থেইক্যে গিইঞছিলেন জানি না। হয়তো আমাদের দেখা দেওয়ার জন্য!”
“তাহলে তোমরা অনেক পুণ্যবান বলো?”
“কী যে বলেন স্যার !” মঙ্গল তার পান-গুটকা খাওয়া কালো দাঁত বার করে হাসল। কিংবা হাসার চেষ্টা করল।
“মঙ্গল, যতদূর জানি কালাদেও ডান দিকের জঙ্গলে উধাও হয়ে যান। তাই তো?”
“হ্যাঁ স্যার!”
“কেন এমন করলেন বলে মনে হয় তোমার? তিনি তো বাঁ-দিকের জঙ্গলেও ঢুকে পালাতে পারতেন!”
“আমার মনে হওয়ার কিছু নেই স্যার। এ তো সোজা প্রশ্ন আছে বটেক! কালাদেও ওইদিকেই ছিলেন, ফলে ওইদিক দিয়েই চলে যাওয়া স্বাভাবিক। কেন মিছে বাঁ-দিকে আসতে যাবেন!”
“দেবু বাসের ডানদিকে ছিল, কারণ তার হাতে স্টিয়ারিং। তুমি কনডাক্টরি করছিলে দরজার কাছে দাঁড়িয়ে, মানে বাসের বাঁ দিকে। তাই তো?”
“হ্যাঁ স্যার!” মঙ্গল বুঝতে পারছিল না কোনদিকে প্রশ্ন নিয়ে যেতে চাইছে তাকে। সে একটু বিভ্রান্ত!
“বাসের চালকের আসনে বসে দেবুই প্রথম ঘটনাটি দেখতে পারে। তুমি যেহেতু বাঁ-দিকে ছিলে, তোমার পরে দেখতে পাওয়ার কথা!”
“হ্যাঁ স্যার!”
“কিন্তু এইমাত্র তুমি বললে, তোমরা একসঙ্গে কালাদেওকে দেখতে পেয়েছ সে জনৈক হতভাগ্যের মুণ্ডূ চিবিয়ে খাচ্ছে। এটা কীভাবে সম্ভব মঙ্গল যে, ড্রাইভার দেবু প্রথম দেখল, আর তার সাথে-সাথে তুমি একযোগে ‘কালাদেও! কালাদেও!’ বলে একযোগে চেঁচিয়ে উঠলে? তুমি কি আগে থেকে জানতে কালাদেও ওই সময়, ওখানে বসে তাঁর ডিনার সারবেন?”
“স্যার…” ঢোঁক গিলল মঙ্গল। আমি আসলে ভুলে গিয়েছিলাম স্যার। দেবু চেঁচিয়ে ওঠার পরই আমি নেমে দেখ্যে চেঁচাঞতে শুরু করি। তখন সব লোক নেমে আসেন!”
“কিন্তু আমাদের এখানে যে অনেকে ইতিমধ্যেই সাক্ষ্য দিয়ে গেছেন, তুমি আর তোমার দেবু একইসঙ্গে ‘কালাদেও, কালাদেও’ বলে চেঁচিয়ে উঠেছিলে, কোন্‌টা সত্যি?”
“না স্যার! কালাদেওর কিরা, আমি মিথ্যে কথা বলি না…!” মাথার উপর ফুলস্পিডে ফ্যান চলচলেও মঙ্গলের কপালে বিন্দু-বিন্দু ঘাম।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

“আচ্ছা, তুমি যখন কালাদেওকে দেখতে পেলে তার আগে বাসের কে কী করছিল মনে আছে?”
“সে কেমন করে থাকবে স্যার? আমি তো সামনের দিকে মুখ করে ছিলাম। আগেই টিকিট কেইট্যে নিই স্যার। তারপর কেউ নামলে দরজা খুলে নাময়ে দিই, উঠলে দরজা খুলে উঠাই! পিছন বাগে তাকাব ক্যানে?”
“এমনি মনে করে বল, কেউ কথা বলছিল বা গান বাজাচ্ছিল…”
“মনে নাই স্যার…”
“কিন্তু আমাদের কাছে খবর আছে যে মঙ্গল, একজন জোরে গান বাজাচ্ছিল বাসের মধ্যে। লোকাল গান। সেই গানটি অদ্ভুত একটা চিৎকারের মতো আওয়াজ করে থেমে যাওয়ার সঙ্গে-সঙ্গেই শুরু হয় তোমার আর দেবুর চিৎকার। কথাটা কি মিথ্যে?”
“হতে পারে। আমি খেয়াল করিনি স্যার!”
“কে গান বাজাচ্ছিল?”
“আমি কী করে জানব স-স-স্যার?”
“মঙ্গল,” সুদীপ্ত গর্জন করে বলল, “যেই বাজিয়ে থাক, বের আমরা করবই। আর তখন যদি দেখি, তুমি সব জেনেও মিথ্যে বলছ, তাহলে তোমার কী ব্যবস্থা করব, তুমি ভাবতেও পারইবে না!”
মঙ্গল আমতা-আমতা করে বলল, “স্যার, আমি দেখিনি স্যার কে বাজাচ্ছিল। কিন্তু কেউ বাজাচ্ছিল স্যার…”
“তাহলে এক্ষুনি যে বললে, তুমি জানো না?”
“মনে ছিল না স্যার!”
“বেশ এবার মনে করো…! কে বাজাচ্ছিল গান? নাহলে…” বলে সুদীপ্ত হাতের লাঠিটা টেবিলের উপর একবার রেখে আবার হাতে তুলে নিল।
“স্যার। আমার…”
“মঙ্গল। আমাদের সময়ের দাম আছে! তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল, কে বাজিয়েছিল?”
“চার্চের এক বাবু স্যার। নাম জানি না। সাইকেল জানে! সে বাবুটো শুনছি ধরা পড়েছে পলাঞতে গিয়্যে?”
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

শুনে শাক্য আর সুদীপ্ত পরস্পর পরস্পরের মুখের দিকে তাকাল।
“বাবুটি কি তোমাকে আর দেবুকে কিছু বলেছিল?”
“কী স্যার?”
“ন্যাকা সাজবে না। গান থামানোর সঙ্গে-সঙ্গে চেঁচিয়ে উঠতে বলেছিল?”
ঢোঁক গিলল মঙ্গল। তারপর কোনরকমে বলল, “বাবুটি বলেনি স্যার। সাইকেল বলেছিল। আমাদের টাকা দিয়েছিল স্যার। পাঁচশো টাকা করে দুজনকে। বলেছিল, একটু রগড় করবে সকলের সঙ্গে। গান বন্ধ হলেই যেন আমরা কালাদেওর নাম করে চেঁচিয়ে উঠি। রাস্তায় একজন কালাদেও আর একজন ডেডবডি সেজে পড়ে থাকবে। আজকাল কী সব হইন্‌ছে না স্যার। প্যাঁক না কী! সেইরকম হবে। ভিডিও উঠবে। আমরা ‘দুজনে রাজি হইঞছিলাম স্যার। ভেবেছিলাম, প্যাঁক। আসল না, নকল!”
“পরে কী দেখলে?”
“আসল ডেডবডি স্যার!”
“আর কালাদেওকে দেখেছিলে? সত্যি বল! নাহলে তোমার জেল হবেই হবে!”
“না স্যার। সত্যি সত্যি কেউ ছিল না। কিন্তু মাথা ছিল না লাশটার, ফলে আমরা ভেবেছিলাম, সত্যি সত্যি কালাদেও এসে…”
“পুলিশকে মিথ্যে বলেছিলে কেন আগে?”
“সাইকেল মুখ খুলতে বারণ করেছিল স্যার!”
“সে ছিল নাকি কাছাকাছি?”
“না স্যার। মেসেজ করেছিল!”
“তুমি পড়তে পারো?”
“ক্লাস ফোর পর্যন্ত পড়েছি স্যার!” —চলবে।
* ধারাবাহিক রহস্য উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer Aatanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content