শতাধিক বছর আগেও সেখানে জলাশয়, প্রাচীন ইঁট ইত্যাদির নিদর্শন ছিল বলে গ্রন্থটি জানায়। অসমের ইতিহাসে রয়েছে যে, ষোড়শ শতকে কাছাড়ে ত্রিপুরার আধিপত্য লুপ্ত হয়। কোচদের সঙ্গে এক ভীষণ যুদ্ধে ত্রিপুরার রাজা পরাজিত হন। কিন্তু ত্রিপুরার ‘রাজমালা’তে এই যুদ্ধের বিবরণ নেই। স্যার এডওয়ার্ড গেইট তাঁর সুবিখ্যাত ‘এ হিস্ট্রি অব আসাম’ গ্রন্থে ত্রিপুরার বিরুদ্ধে কোচদের যুদ্ধ জয়ের কথা উল্লেখ করেও বলেছেন এর ঐতিহাসিক ভিত্তি পর্যাপ্ত নয়।






















