
বেড়ানোর ফাঁকে। ছবি: অঙ্কনা চৌধুরী।
২০২৩ সাল। আমার তিন বন্ধু হঠাৎ হুজুগ তুলল আলাস্কা আসবে। আমরা সবাই একই সময়ে পিএইচডি করেছি। এক দু’ বছরের পার্থক্যে একই বিশ্ববিদ্যালয়ে আমরা গবেষণা করেছি। এখন কর্মসূত্রে সকলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। সকলেই বাঙালি। অতএব সকলেরই পায়ের তলায় সর্ষে বাঁধা। দু’দিনের মধ্যে তারা উড়ানের টিকিট কেটে ফেলল।
আলাস্কা আসার ক্ষেত্রে সবথেকে মুশকিল হল গাড়ি ভাড়া পাওয়া। যাদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য প্রথমেই গাড়ি ভাড়া করার ব্যাপারটা পরিষ্কার করে দিই। যুক্তরাষ্ট্রে বিভিন্ন কারণের জন্য সর্বজনীন পরিবহণ ব্যবস্থা বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম তেমন ভাবে গড়ে ওঠেনি। অর্থাৎ ভারতে যেমন যেখানে খুশি যাওয়ার জন্য খুব সস্তায় বাস-ট্রেন ইত্যাদি পাওয়া যায়, এখানে তেমন নয়। দেশের সরকারি নিয়মকানুন, আমলাতন্ত্র, গাড়ি-কোম্পানিগুলোর ব্যবসায়িক লাভ-ক্ষতি—সর্বোপরি দেশের বৃহৎ আকারের জন্য এখানে শুধু শহরের মধ্যে ছাড়া সর্বসাধারণের জন্য সেরকম ভাবে কোনও পরিবহণ মাধ্যম নেই। বা থাকলেও সেগুলো খুবই ব্যয়সাপেক্ষ। যেমন ফেয়ারব্যাঙ্কস শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস রয়েছে। কিন্তু ফেয়ারব্যাঙ্কস থেকে দূরে শহরের বাইরে কোথাও যাওয়ার জন্য সেরকম কিছুই নেই। নেই বললে অবশ্য ভুল হবে। কিছু বেসরকারি কোম্পানি আছে যারা পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোরানোর জন্য বাস চালায়। কিন্তু সেসবে বেশ চড়া ভাড়া। রেলগাড়ির ক্ষেত্রেও তাই।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬১: রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে দুর্গতির কোনও সীমা থাকবে না

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৪: যুদ্ধ করতে সব সময় পেশীশক্তি নয়, দরকার বিশ্বাসের গল্পও

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৩: তত্ত্বতালাশ
এখানে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সরকার রেললাইন তৈরি করে বেসরকারি সংস্থাদের ইজারা (লিজ) দিয়ে দেয়। তারা এবার নিজের মতো ভাড়া নিয়ে রেলগাড়ি চালায়। সব রেলগাড়িই মূলত ভ্রমণের উদ্দেশ্যেই বানানো। কাজেই সেই সব রেলগাড়ির কামরা বেশ বিলাসবহুল। তাদের ভাড়াও প্রচুর। এটা শুধু আলাস্কা বলে নয়, যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই ব্যাপার। সেই কারণে, এই দেশে লোকজন কোথাও ঘুরতে গেলে আগেই একটা গাড়ি ভাড়া নিয়ে নেয়। তারপর সেই গাড়ি চালিয়ে যেখানে খুশি চলে যাওয়া যায়। এতে নিজের মতো করে ঘুরে বেড়ানোর স্বাধীনতা তো থাকেই, তার ওপরে এখানকার বাস-ট্রেনের তুলনায় গাড়ি ভাড়া নিয়ে নেওয়াটা সস্তাও হয়।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল
ভারতীয় ভাবনা অনুযায়ী শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বিশেষ করে যদি অনেকে একসঙ্গে ঘুরতে যান এবং ভাড়াটা নিজেদের মধ্যে ভাগ করে নেন, তাহলে তো গাড়ি নিয়ে নেওয়া অনেকটাই সস্তা পড়ে প্রত্যেকের আলাদা করে বাস-ট্রেনের টিকিট কাটার চেয়ে। এই কারণে যুক্তরাষ্ট্রে অনেক কোম্পানি রয়েছে, যারা এরকম গাড়ি ভাড়া দেয়। এমন অনেক কোম্পানি রয়েছে, যারা এই গাড়ি ভাড়া দেওয়ার জন্য বেশ জনপ্রিয়। সে-রকমই কয়েকটি সংস্থার নাম হল—এন্টারপ্রাইজ, হার্টজ, আলামো, বাজেট ইত্যাদি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৮: লক্ষ্মী প্যাঁচা
আলাস্কাতেও সব জায়গার মতোই কিছু কোম্পানি রয়েছে যারা গাড়ি ভাড়া দেয়। এন্টারপ্রাইজ, হার্টজের মতো জনপ্রিয় কোম্পানিগুলো তো আছেই, সঙ্গে কিছু স্থানীয় সংস্থাও রয়েছে যারা গাড়ি ভাড়া দেয় এখানে। কিন্তু সমস্যা হল, এখানকার সংস্থাগুলোর কাছে গাড়ির পরিমাণ খুব কম। একে তো আলাস্কায় গাড়ি নিয়ে আসার খরচ অনেক, তার ওপরে শীতকালে পর্যটন বলে তেমন কিছু নেই, তাই গাড়ি কেউই ভাড়া নেয় না। কাজেই, লাভ লোকসান হিসেব করে কোনও কোম্পানিই এখানে খুব বেশি গাড়ি রাখে না নিজেদের সম্ভারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৬: দীনদুখিনীর জননী সারদা

উত্তম কথাচিত্র, পর্ব-২৬: যিনি নিরূপমা তিনিই ‘অনুপমা’
তারপরে আবার ফেয়ারব্যাঙ্কস আরও প্রত্যন্ত। এখানে চরম শীতের কারণে গাড়িকে চার্জে বসিয়ে রাখতে হবে সারা শীতকাল ব্যাটারি ঠিক রাখার জন্য। তাই বিদ্যুতের জন্য একটা বিরাট খরচ রয়েছে। ফলে এ সব জায়গায় ভাড়া নেওয়ার মতো গাড়ির পরিমাণ আরও কম। কাজেই যা হওয়ার তাই হল। আমার বন্ধুরা উড়ানের টিকিট কাটার পরে দেখল গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না! —চলবে।
* রহস্য রোমাঞ্চের আলাস্কা (Mysterious Alaska) : ড. অর্ঘ্যকুসুম দাস (Arghya Kusum Das) অধ্যাপক ও গবেষক, কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি অব আলাস্কা ফেয়ারব্যাঙ্কস।


















