রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

ময়দানবনির্মিত রাজা যুধিষ্ঠিরের সভায় উপস্থিত হয়েছেন মহর্ষি নারদ। সর্বশাস্ত্রবিদ তাত্ত্বিক নারদের রাজধর্ম ও নীতিবিষয়ে গভীর জ্ঞান। সদ্য রাজসিংহাসনে অধিষ্ঠিত যুধিষ্ঠিরের সামনে রাজ্য শাসন বিষয়ে বিবিধ প্রশ্ন তুলে ধরলেন তিনি। রাজা মন্ত্রণা করবেন এমন একজন যথাযোগ্য অমাত্যমাত্র যথেষ্ট। নারদের জিজ্ঞাসা, একজন বুদ্ধিমান, বীর, সংযতেন্দ্রিয়, কার্যদক্ষ, মন্ত্রী রাজা ও রাজপুত্রের অভীপ্সিত শ্রেষ্ঠ লক্ষ্য সাধন করতে পারেন। রাজা যুধিষ্ঠিরের তেমন কোনও একজন মন্ত্রী আছেন তো? বিপক্ষের অজ্ঞাতসারে তিনজন গুপ্তচর পাঠিয়ে রাজা, বিপক্ষের আঠার জন যথা মন্ত্রী, পুরোহিত, যুবরাজ, সৈন্যাধ্যক্ষ, দ্বারপাল, অন্তঃপুরাধ্যক্ষ, কারাগারাধিকারিক, আয়সচিব, ব্যয়সচিব, রক্ষিপরিচালক, নগরপাল, শিল্পিপরিচালক, ধর্মাধ্যক্ষ, সভাধ্যক্ষ, দণ্ডপাল, দুর্গরক্ষক, রাষ্ট্রসীমানারক্ষক, বনরক্ষককে, আর স্বপক্ষের মন্ত্রী, পুরোহিত ও যুবরাজ ছাড়া অপর ওই পনের জনকে পরীক্ষা করেন কী? শত্রুদমনকারী রাজা যুধিষ্ঠির, শত্রুদের অজ্ঞাতসারে গুপ্তচরদের স্বভাব (গতিবিধি)অবগত হয়ে, সর্বদা সতর্কতাসহকারে, শত্রুপক্ষ আক্রমনাত্মক না মিত্র এই বিষয়ে পর্যালোচনা করেন তো? রাজা বিনয়ী (শিক্ষিত), সদ্বংশজাত, বহুশাস্ত্রজ্ঞ, পরদোষাবিষ্কারকারী, উদারমনা, পুরোহিতকে সসম্মানে নিয়োগ করেছেন? যজ্ঞবিধিবিষয়ে অভিজ্ঞ, বুদ্ধিমান,সরলস্বভাব, অগ্নিহোত্রযাগে যুক্ত হয়ে,পুরোহিত নিত্য যথাসময়ে যজ্ঞ সম্পন্ন করেছেন কি না এবং কোন যাগ অনুষ্ঠিত হবে, এই বিষয়ে রাজাকে অবহিত করেন তো?অঙ্গপ্রত্যঙ্গের শুভাশুভনির্ণয়ে কুশল, গ্রহনক্ষত্রাদির গণনা প্রভৃতি জ্যোতিষবিষয়ে পারদর্শী, প্রাকৃতিক উপদ্রব নির্ণায়ক, সুদক্ষ দৈবজ্ঞ কেউ আছেন কী?
রাজা, মুখ্য কাজগুলিতে অর্থাৎ সৈন্যচালনা কোষাধ্যক্ষকৃত প্রভৃতি কাজে প্রধানদের, মধ্যমকাজে অর্থাৎ কৃষিবাণিজ্যাদিকাজে মধ্যমদের, জঘন্য কাজ যেমন পদসংবাহনাদি (পদমর্দন) প্রভৃতি কাজে সেবক নিয়োগ করেছেন তো? শ্রেষ্ঠকাজ প্রভৃতি যেমন রাজ্যপরিচালনাদি কাজে, অকপট, পিতৃপিতামহ পরম্পরাক্রমে সচ্চরিত্র, মন্ত্রীদের নিযুক্ত করেছেন কী? শ্রেষ্ঠ ভরতবংশীয় রাজা যুধিষ্ঠির, উগ্র দণ্ডদানের মাধ্যমে প্রজাদের উদ্বিগ্ন করেন না তো? তাঁর মন্ত্রীরা রাষ্ট্র শাসন করেন? যাজকরা যেমন পতিতকে (ব্রাহ্মণহত্যাজনিত কারণে পতিত), নারীরা কামুক স্বামীকে যেমন অশ্রদ্ধা করেন, তেমনই প্রজারা উগ্রদণ্ডধারী রাজাকে অনাদর করেন না তো? রাজার একজন, প্রগল্ভ, বীর, বুদ্ধিমান, ধৈর্যশীল, পবিত্রস্বভাব, সৎকুলজাত, কুলীন, বিশ্বস্ত, যুদ্ধে দক্ষ, সেনাপতি আছেন তো?সবরকম যুদ্ধে বিশেষভাবে অভিজ্ঞ, দানশীল, শৌর্যশালী প্রধান সেনাদের রাজা যথোচিত সম্মান প্রদর্শন করেন তো? রাজা, সৈন্যদের দেয় খাদ্য ও বেতন যথাসময়ে দিয়ে থাকেন? বিলম্ব হয় না তো? খাদ্য ও বেতন যথাসময়ে না দেওয়া হলে, তারা দুর্দশায় উপনীত হয়, ফলে প্রভুর প্রতি ক্রুদ্ধ হয় এবং মহা অনর্থ ঘটে। প্রধান পুরুষ (সেনাপতি প্রভৃতি) হতে সব বিশ্বস্ত সদ্বংশজাত, পুরুষরা সন্তুষ্টচিত্তে রাজার প্রয়োজনে প্রাণ ত্যাগ করে থাকেন? রাজার আদেশ অমান্যকারী, স্বেচ্ছাচারী, একজন মানুষ যুদ্ধসম্বন্ধীয় বহু বিষয়ে আদেশদানাদি কর্তৃত্ব প্রদর্শন করেন না তো? কোন ব্যক্তি, যুদ্ধ প্রভৃতি কার্যে, সাহসাদি পুরুষাকার প্রদর্শন করে, রাজার কাছ থেকে সম্মান এবং অতিরিক্ত খাদ্য ও বেতন লাভ করেন? বিদ্যাহেতু আনতস্বভাব, পরম জ্ঞানী মানুষদের, রাজা, গুণানুসারে যথাযোগ্য পুরস্কারদান করে সম্মানিত করেন তো? কখনও রাজার কারণে (যুদ্ধে) মৃত, বিপন্ন (বিপক্ষে কারাবাস), ব্যক্তিদের পত্নী বা শিষ্যপুত্রপত্নী সকলকে রাজা ভরণপোষণ করেন তো? পৃথাপুত্র যুধিষ্ঠিরকে মহর্ষি নারদের প্রশ্ন— কখনও তিনি, ভীত দুর্বল ব্যক্তিকে, ভয়হেতুশরণাগত শত্রুকে, যুদ্ধে পরাজিত ব্যক্তিকে পুত্রবৎ রক্ষা করেন কি? পৃথিবীপতি যুধিষ্ঠির সমগ্র পৃথিবীর অধীশ্বর সকলের প্রতি সমদর্শী হয়ে মাতা পিতার মতো সকলের আস্থা অর্জন করেছেন তো? ভরতবংশীয় যুধিষ্ঠির, শত্রু বিপদাপন্ন (দুর্ভিক্ষ প্রভৃতি বিপদ) হয়েছেন শুনে নিজের তিনটি বল যথাক্রমে প্রভাব, উৎসাহ ও মন্ত্রণা প্রভৃতি শক্তিগুলি বিশেষভাবে বিবেচনা করে, দ্রুতবেগে যুদ্ধযাত্রা করেন? (যুদ্ধযাত্রার) এটি প্রশস্ত সময়, পর্যালোচনা করে, সাহায্যকারী পররাজ্যের সৈন্যবল, পররাজ্যের সৈন্যবলের সাহায্যদানাদি উৎসাহ, (শত্রুর) পরাজয় ইত্যাদি অনুমান করে, নিজের সৈন্যদের (দ্বিগুণোৎসাহদানের জন্যে) অগ্রিম বেতন দান করে যাত্রা শুরু করেন কী? রাজা, বিজিত পররাজ্যে প্রাপ্ত রত্নাদিধন সমূহ, যোগ্যতানুসারে শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে বিতরণ করেন তো?
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৪: রামের অমল মহিমা, অরণ্যবাসের সাধুসঙ্গ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

নিজের আত্মাকে জয় করে, জিতেন্দ্রিয় রাজা, অসতর্ক অসংযতেন্দ্রিয় শত্রুজয়ের ইচ্ছা প্রকাশ করেন? পূর্বে সাম, দান, দণ্ড ও ভেদ এই চারটি যথাযথভাবে আলোচনা করে, তবেই শত্রুকে আক্রমণ করতে উদ্যত হন তো? রাজা যুধিষ্ঠির রাজধানী সুরক্ষিত রেখে, শত্রুর উদ্দেশে যাত্রা করেন কী? তাদের জয় করতে শৌর্য প্রকাশ করেন? শত্রুজয় করে, শত্রুর রক্ষক হয়ে ওঠেন তো? নারদের আরও অনেক জিজ্ঞাসা রয়েছে যেমন, রাজার অষ্টাঙ্গসংযুক্ত, যথা বনরক্ষক, দ্রব্যসংগ্রাহক, চিকিৎসক, গুপ্তচর, পাচক, সেবক, লেখক, প্রহরী প্রভৃতি যুক্ত চতুর্বিধ বল অর্থাৎ হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বাহিনী সেনাপতি প্রভৃতি প্রধান পদাধিকারী দ্বারা চালিত হয়ে শত্রুদের উচ্ছেদ করে কি না।শত্রুহন্তা রাজা যুধিষ্ঠির,পররাষ্ট্রের ধান্যক্ষেত্র ও ফলের বাগানের সঙ্গে একযোগে শত্রুদের ধ্বংস করেন তো? রাজার নিজরাজ্যে ও পররাষ্ট্রে নিযুক্ত পুরুষরা পরস্পর যথাযথভাবে রাজার প্রয়োজন দেখেন এবং রাজার স্বার্থরক্ষা করেন তো? রাজার আস্থাভাজন অনুগত জনেরা, তাঁর ভোজ্য, বসনাদি, সুগন্ধিদ্রব্যগুলি সুরক্ষিত রাখেন তো? রাজভক্তরা রাজার রাজকোষ, বাসগৃহ, বাহন, দ্বারদেশ,অস্ত্ররাজি, আয়ব্যয় প্রভৃতির দায়িত্ব পালন করেন? প্রথমে অভ্যন্তরের (পাচক প্রভৃতির) ও বাইরের (সেনাপতি প্রভৃতির) লোক হতে নিজেকে রক্ষা করেন তো, রাজা? তাঁর পরে তাদের স্বজনবর্গ (পুত্রাদি) হতে এবং তাদের পরস্পর হতে রক্ষা করেন তো? কাজের অবসরে, দিনের পূর্বার্দ্ধে মদ্যপান, দ্যূতক্রীড়া, অন্যান্য ক্রীড়া ও নারীসঙ্গ, এগুলিতে রাজার আসক্তিহেতু ব্যয়ভারসম্বন্ধে মানুষজন অবহিত নন তো?
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২২: সুন্দরবনের পাখি: ডোরা-লেজ জৌরালি

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১২ : স্বপ্নের নায়ক, নায়কের স্বপ্ন

মহর্ষি নারদ, রাজার মন্ত্রণাবিষয়ে প্রশ্নচ্ছলে যে পরামর্শটি দিয়েছেন সেটি রাজার প্রশাসন বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রশাসন ব্যবস্থার স্তম্ভ হলেন একজন নির্ভরযোগ্য মন্ত্রী। তিনি সর্বোচ্চ শাসকের অভীপ্সিত লক্ষ্য পূরণের একজন নির্ভরযোগ্য সহায়ক। রাজতন্ত্রে, রাজার পরেই হয়তো এই মন্ত্রীর গুরুত্ব সমধিক। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায়, তথাকথিত মন্ত্রীপদবাচ্য পদাধিকারীদের ছায়াসঙ্গী হলেন ভারতীয় সর্বোচ্চ প্রশাসনিক আই এ এস পরীক্ষায় উত্তীর্ণ উর্বর মস্তিষ্কের পরামর্শদাতা সেক্রেটারী পদাধিকারী ব্যক্তিত্বরা। যুগভেদে, কালভেদে পদের নাম অপরিবর্তিত থাকলেও কাজের সংজ্ঞা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয় নিযুক্তিকরণ শর্তগুলিও। নারদপ্রোক্ত তথাকথিত মন্ত্রীর গুণাবলীতে ভূষিত না হয়েও কেউ মন্ত্রী হতে পারেন, কিন্তু তাঁদের বৌদ্ধিক পরামর্শদাতারাই প্রকারান্তরে মন্ত্রীর গুণাবলীতে বিভূষিত হয়ে শর্তপূরণ করেন। পাদপ্রদীপের আলোয় কিন্তু থেকে যান জনগণদ্বারা নির্বাচিত গণপ্রতিনিধি, মন্ত্রী। গুপ্তচর নিয়োগ সব শাসন ব্যবস্থার একটি অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। এ বিষয়ে বর্তমান পৃথিবীতে যুযুধান দুই গোষ্ঠীর সাম্প্রতিকতম যুদ্ধ তাঁর প্রমাণ। শত্রুদের গতিবিধির ওপরে নজরদারি করতে গুপ্তচরের আবশ্যকতা আছে।
আরও পড়ুন:

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৪: কথা বলা অতীত

আকাশ এখনও মেঘলা/৪০

মহর্ষির প্রশ্নে প্রচ্ছন্ন রয়েছে এই বার্তা, রাজার পরিমণ্ডলের স্বপক্ষের ও বিপক্ষের গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও সন্দেহের ঊর্ধ্বে নন। গুপ্তচরের মাধ্যমে রাজার প্রতি এঁদের সম্পর্কে সতর্কতার ইঙ্গিত যেন রয়েছে। মহর্ষির প্রশ্নগুলি প্রশ্নবোধক নয় বরং রাজনৈতিকসচেতনতাবৃদ্ধির সহায়ক বলা যায়। শুধু পুরোহিত, বিশ্বস্ত মন্ত্রী ও ভাবি রাজপদের যোগ্য যুবরাজ এই সন্দেহজনক ব্যক্তিদের তালিকার আয়ত্তাধীন নন। তাই মহর্ষি পুরোহিত ও মন্ত্রীনির্বাচনে অপরিসীম গুরুত্ব দিয়েছেন। তবে রাজার সার্বিকভাবে প্রত্যেকের কাজসম্বন্ধে পূর্ণ সচেতন থাকা প্রয়োজন।গৃহের পরিমণ্ডলেও অতি বিশ্বস্ত সহায়ক/সহায়িকারা যেমন গৃহকর্তার পর্যবেক্ষণের আয়ত্তাধীন অনেকটা সেইরকম। শুধু আরও বৃহৎ পরিমণ্ডলে ও পরিসরে এর আলোচনা করেছেন মহর্ষি নারদ। দৈবজ্ঞর ওপরে নির্ভরতা প্রাচীন মহাভারতের যুগেও ছিল। এখনও যেমন দৈবজ্ঞরা অনেকক্ষেত্রেই গ্রহনক্ষত্রাদির প্রভাব ও শুভাশুভের নির্দ্ধারক তখনও রাজার প্রাকৃতিক উপদ্রব প্রভৃতি নির্ণয়ে রাজা দৈবজ্ঞের ওপরে নির্ভরশীল ছিলেন। সেই বিষয়টি মহর্ষি কথিত প্রশ্নের একটি—উৎপাতেষু চ সর্ব্বেষু দৈবজ্ঞঃ কুশলস্তব।

উপদ্রব সম্বন্ধে ভবিষ্যৎদ্রষ্টা কোনও সুদক্ষ দৈবজ্ঞ আছেন তো? যে কোনও কাজ যোগ্যতাসম্বন্ধীয়। রাষ্ট্রপরিচালনার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বপ্রদান কার্যাধ্যক্ষদের, মধ্যমমানের কাজ কৃষি পশুপালন বাণিজ্যাদির দায়িত্ব মধ্যমমানের মানুষের, নীচ কাজের দায়িত্ব নীচ মানুষের। ব্যক্তির বৌদ্ধিক জ্ঞান অনুযায়ী কার্যের দায়িত্ব-আরোপে বিশ্বাসী মহর্ষি নারদ। কায়িক শ্রম নয়, এক্ষেত্রে তাঁর বিবেচনায়, মস্তিষ্কপ্রসূত বুদ্ধির তারতম্য অনুসারে রাজকার্যের দায়িত্বভার ন্যস্ত হওয়া উচিত। কারণ কার্যের গুরুত্ব অনুযায়ী দায়িত্বভার যোগ্য ব্যক্তিদের হাতে ন্যস্ত না হলে যে কোনও মহৎ কাজ সুসম্পন্ন হতে পারে না। তাই মুখ্যকাজগুলিতে সৎকর্মী অর্থাৎ সৎমন্ত্রী আবশ্যক। এটি বোধ হয় সব যুগেই প্রাসঙ্গিক। মহর্ষি নারদের মতে,রাজা কখনও উগ্রদণ্ডধারী হবেন না। তাহলে, প্রজাদের জনপ্রিয়তা নষ্ট হবে যে। মহর্ষি নির্দিষ্ট,সেনাপতির গুণের মানদণ্ডটিও যথাযথ। যথোচিত মর্যাদায় প্রধান যোগ্য শৌর্যশালী বীরদের সম্মান প্রদর্শনবিষয়টি আজও অনুসৃত হয়। সৈন্যদের যথোচিত বেতন ও খাদ্য সরবরাহ গুরুত্ব পায় সর্বদেশে সর্বকালে। তাই মহর্ষির সৈন্যদের লালনপালনের বিষয়ে উপদেশটি চিরকালীন। কারণ সৈন্যদের বঞ্চনার ক্ষোভ যে কোনও সময়ে প্রশাসনকে অচল করে দিতে পারে। ভর্ত্তুঃ কুপ্যন্তি দৌর্গত্যাৎ সোঽনর্থঃ সুমহান স্মৃতঃ।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৫: ইন্দ্রধনু আর ‘ইন্দ্রাণী’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৪: অ্যাঙ্করেজের সঙ্গে সিউয়ার্ডকে জুড়েছে পৃথিবীখ্যাত সিউয়ার্ড হাইওয়ে

প্রভুর প্রতি সৈন্যদের রোষ বৃহৎ অনর্থ সৃষ্টি করে থাকে। যুদ্ধে অনুগত ও নিবেদিতপ্রাণ যোদ্ধার প্রয়োজনীয়তা প্রয়োজন। সর্বোপরি রয়েছে রাজার অধিনায়কত্ব, তাঁকে অগ্রাহ্য করবার সাহস যেন কারও না হয়। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন মহর্ষি। যোগ্যতা ও গুণ ও বিদ্যাবত্তা অনুসারে যোগ্য ব্যক্তিকে সম্মানদান রাজার কর্তব্য, এই বিষয়টিও প্রশ্নচ্ছলে মনে করিয়ে দিয়েছেন। যোগ্যতার সম্মানদান, সব প্রশাসনিক অধিকর্তার আবশ্যিক কর্তব্য যা শুধু কাগজে কলমে স্বীকৃত নয় এখনও তা কার্যে পরিণত করা হয়ে থাকে। রাজকার্যে বা প্রশাসনিক কাজে মৃতদের ও দুর্গতদের পরিবারের ভরণপোষণের দায়িত্ব যে রাজশক্তির, রাজার প্রতি এই মানবিক আবেদনের দিকটিও উপেক্ষিত হয়নি মহর্ষি নারদের প্রশ্নে। প্রশাসনিক প্রধানের প্রধান কর্তব্য শাসনাধীন সাধারণের আস্থা-অর্জন, তাঁদের পিতৃতুল্য নির্ভরতার জায়গাটিতে নিজের আসন স্থায়ী করা— এটি রাজাকে মনে করিয়ে দিতে ভুলে যাননি তিনি। পররাষ্ট্রের ক্ষেত্রে রাজনীতির পাঠ হল, মহর্ষির ভাষায়, কচ্চিদ্ব্যসনিনং শত্রুং নিশম্য ভরতর্ষভ! অভিযাসি জবেনৈব সমীক্ষায় ত্রিবিধং বলম্।।
কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

শত্রুর বিপন্নতার সুযোগে ত্রিবিধ বল পর্যালোচনা করে আক্রমণাত্মক হওয়া প্রয়োজন। বিজিতশত্রুর থেকে লব্ধ ধনবণ্টনের নীতিও স্বার্থচিন্তামুক্ত, উদার সমবণ্টনের নীতিতে বিশ্বাসী নারদমুনি। মহর্ষির প্রশ্নে,শত্রু জয়ের লক্ষ্যে সাম, দান, দণ্ড ও ভেদ চারটি উপায়, সমান গুরুত্ব লাভ করেছে। পররাষ্ট্রজয়ের ক্ষেত্রে, মহর্ষির নীতি, ধ্বংসের পরিপন্থী। তাঁর মতে, নিজের বিক্রমপ্রকাশের মাধ্যমে শত্রুজয়মাত্র, সম্পূর্ণ নিধন নয়, সার্বিকভাবে যা মনুষ্যত্ববোধের দ্যোতক। রাজার নিয়ন্ত্রণ থাকবে সমস্ত সৈন্যদলের ওপরে, সেখান কোনও মুখ্য পদাধিকারীর স্বৈরাচারের অবকাশ যেন না থাকে। শত্রুরাজ্যের শস্য ও ফল উৎখাত করা রাজার এই ধ্বংসাত্মক কাজে যেমন মহর্ষির সমর্থন আছে তেমনি শত্রুর শেষ রাখতে নেই এই নীতিতেও তিনি বিশ্বাসী মনে হয়। রাজার স্বার্থরক্ষার দায়িত্ব নিজরাষ্ট্রে ও পররাষ্ট্রে বিশ্বস্ত রাজকর্মচারীদের।সে বিষয়ে তাঁরা পূর্ণ সচেতন কি না, সেটি রাজার অবহিত হওয়া প্রয়োজন। রাজার একান্ত দিনযাপনের অনুষঙ্গ খাদ্য, বসন, গন্ধ দ্রব্য প্রভৃতি এবং কোষাগার, বাসস্থান দ্বার, বাহন, আয়, ব্যয় ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলির দায়িত্ব উপেক্ষণীয় নয়। এগুলিতেও আস্থাভাজন অনুগত আপ্ত সহায়ক প্রয়োজন, এই বিষয়টিও প্রসঙ্গত মহর্ষি নারদ, রাজার যুধিষ্ঠিরের স্মরণে এনেছেন।

মহর্ষি নারদ রাজার যুধিষ্ঠিরের উত্তরের অপেক্ষা করেননি, একের পর এক, রাজার স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, যুদ্ধাভিযান, রাজনীতির উপায়গুলি, চারিত্রিক গুণাবলীর উন্নতিবিষয়ে যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন, সেগুলি প্রশ্ন নয়, রাজনীতির বৃহত্তর মার্গদর্শন। একজন সফল পথপ্রদর্শক রাজার, রাজপদে ক্রমোত্তরণের লক্ষ্যে কোন কোন বিষয়ে সদাসতর্ক থাকা প্রয়োজন তার পথনির্দেশ দিয়েছেন মহর্ষি নারদ। যুধিষ্ঠিরের প্রতি তাঁর প্রশ্নচ্ছলে উপদেশাত্মক এই রাজনীতির পাঠ, চিরন্তন ও শাশ্বত এবং নিঃসন্দেহে আধুনিক গণতান্ত্রিক প্রশাসনিক পরিকাঠামোয় অনেকক্ষেত্রেই গ্রহণযোগ্য বলে মনে হয়। —চলবে।

* মহাকাব্যের কথকতা (Epics monologues of a layman): পাঞ্চালী মুখোপাধ্যায় (Panchali Mukhopadhyay) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ, যোগমায়া দেবী কলেজে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content