ভরতের প্রস্তাবিত অযোধ্যার রাজসিংহাসনের উত্তরাধিকার স্বেচ্ছায় ফিরিয়ে দিলেন রাম। পিতৃসত্য রক্ষাই এখন তাঁর বিবেচনায় প্রথম ও প্রধান কাজ, তুলনায় অযোধ্যার রাজসিংহাসন তুচ্ছ। তাঁর মতে, ভরতের উচিত কাজ, অযোধ্যায় ফিরে গিয়ে পিতৃদত্ত রাজ্যের প্রজানুরঞ্জন। দণ্ডকারণ্যে অরণ্যবাসে রামের কোনও খেদ নেই, ভরতের মাথার ওপরে থাক রাজছত্র। তুলনায় বিজন অরণ্যের নিবিড় বনের ছায়ার আশ্রয়, এখন রামের প্রিয়।






















