
ছবি : প্রতীকী। (বাঁদিকে) ছোট্ট দুটো চোখবিশিষ্ট দুমুখো সাপ। (ডানকে) দুমুখো সাপের চোখ ও জিভ। ছবি: এআই সহায়তায় তৈরি।
বাংলা প্রবাদ হিসেবে ‘দুমুখো’ সাপ কথাটা প্রায় সবার কাছে পরিচিত। এক একজনের কাছে এক একরকম কথা বলে উভয় পক্ষের মধ্যে বিবাদ তৈরি করা ব্যক্তিদের আমরা অনেকেই বলে থাকি ‘দুমুখো সাপ’। তবে বাস্তবে ‘দুমুখো সাপ’ কিন্তু আছে। সাপের নাম শুনে অবশ্য ভাবার কারণ নেই যে এই সাপের দুটি মুখ আছে, আসলে এদের চেহারাই এমন যে দেখলে মনে হয় দুই দিকে মুখ অথবা মুখ যে কোনও দিকে সেটা বোঝাই হয় মুশকিল। এমন সাপ সুন্দরবন অঞ্চলে দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
বর্ষাকালে আমার বাড়ির চাতালে মাঝে মাঝেই ওদের বেয়ে যেতে দেখতে পাই। ছোটবেলায় তো বাগানে পচা পাতার ভিতরে প্রচুর দেখতে পেতাম। এমনও হয়েছে যে ধান জমিতে ছিপ দিয়ে মাছ ধরার জন্য কেঁচো খুঁজতে গিয়ে ভুল করে দুমুখো সাপ ধরেছি। অবশ্য তখন ওদের তিড়িং তিড়িং লাফ দেখে বুঝতে পেরেছি কেঁচো নয়। যদিও আরও পার্থক্য রয়েছে তবুও রং, চেহারায় আর দৈর্ঘ্যে কেঁচোর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। কেঁচোর গায়ে রয়েছে আংটির মতো গোল গোল দাগ যেটা দুমুখো সাপের নেই। কেঁচোর মাথার পরে হালকা রঙের ক্লাইটেলাম নামের একটি অংশ স্পষ্ট বোঝা যায় যা দুমুখো সাপের নেই।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক পর্ব-১৯৪: মুখোমুখি মঙ্গল

ঘোচায় কালিমা

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫
দুমুখো সাপের অনেক নাম। বাংলায় পুঁয়ে নামটি বেশি প্রচলিত। কেঁচোর মতো দেখতে বলে অনেকেই বলে কেঁচো সাপ। আবার এদের মাথায় দুটো চোখ খুব ছোট এবং আঁশে ঢাকা থাকায় বাইরে থেকে চোখ আছে কিনা বোঝা যায় না বলে এদের কেউ কেউ অন্ধ সাপও বলে। আবার গা তেলতেলে বলে কেউ কেউ বলে তেলে সাপ বা তেলেঙ্গা সাপ। ইংরেজিতে এই সাপকে বলে ‘Brahminy Blind Snake’। বিজ্ঞানসম্মত নাম ‘Indotyphlops braminus (=Typhlops braminus)’। দুমুখো সাপ হল পৃথিবীর ক্ষুদ্রতম সাপ। এরা লম্বায় হয় মাত্র ১৫-২০ সেমি, আর ওজন প্রায় ০.৭৫ গ্রাম। আগেই বলেছি এদের গায়ের রং উজ্জ্বল চকচকে বাদামি বা কালচে বাদামি। অবশ্য পেটের দিকের রং কিছুটা হালকা। মাথা ও লেজের দিক প্রায় একই রকম দেখতে। এদের মাথা খুব ছোট এবং সামান্য চ্যাপ্টা।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়
আগেই বলেছি এরা পচা পাতা, ভেজা মাটি, গোবর মেশা মাটি, আবর্জনা, পচা কাঠের গুঁড়ি ইত্যাদির মধ্যে থাকে। অনেক সময় মাটির ভেতরেও গর্তের মধ্যে থাকে। কোদালের কোপে মাটি কাটার সময় দুমুখো সাপ বেরিয়ে এসে তিড়িং তিড়িং করে লাফাতে দেখেছি। আর এদের ফুলের টবের মাটির মধ্যেই বাসা বাঁধতে দেখা যায়। যেহেতু এরা আলো একদম পছন্দ করে না তাই ছায়াচ্ছন্ন জায়গাতে থাকতেই পছন্দ করে। শুকনো জায়গার তুলনায় ভেজা জায়গা দিয়ে এদের চলাচল করতে সুবিধে হয়। কখনও কখনও দুমুখো সাপকে বর্ষাকালে খাবারের খোঁজে ঘরের মধ্যে ঢুকতেও দেখা যায়।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
দুমুখো সাপ হল দিবাচর সাপ। ছোট ছোট পোকামাকড়, কেঁচোর বাচ্চা, পিঁপড়ে, উইপোকা, বিভিন্ন পোকামাকড়ের লার্ভা ও ডিম ইত্যাদি হল এদের প্রধান খাদ্য। এদের উপরের চোয়ালে খুব ছোট ছোট কয়েকটি দাঁত থাকে যা শিকার ধরতে সাহায্য করে। এরা পোকামাকড়ের বুক ও উদর অংশ থেকে কেবল নরম মাংসল অংশ খায়, মাথা একেবারেই খায় না।
দুমুখো সাপ প্রবাদটি যেসব ব্যক্তির উদ্দেশ্যে বলা হয় তারা সমাজে বিপজ্জনক মানুষ হলেও দুমুখো সাপ বিন্দুমাত্র বিপজ্জনক নয়। এরা অত্যন্ত নিরীহ ও ভীরু নির্বিষ সাপ। তাছাড়া মুখের গঠন এমন যে পোকামাকড় শিকার করা ছাড়া এদের পক্ষে কাউকে দংশন করা সম্ভব নয়। কখনও কোনও মানুষকে দুমুখো সাপ কামড়েছে বলে শোনা যায়নি। তবুও এক শ্রেণির মানুষ নিরন্তর মিথ্যা প্রচার করে মানুষের কাছে এই সাপকে ভয়ঙ্কর বিষধর হিসেবে উপস্থাপন করেছে।
দুমুখো সাপ প্রবাদটি যেসব ব্যক্তির উদ্দেশ্যে বলা হয় তারা সমাজে বিপজ্জনক মানুষ হলেও দুমুখো সাপ বিন্দুমাত্র বিপজ্জনক নয়। এরা অত্যন্ত নিরীহ ও ভীরু নির্বিষ সাপ। তাছাড়া মুখের গঠন এমন যে পোকামাকড় শিকার করা ছাড়া এদের পক্ষে কাউকে দংশন করা সম্ভব নয়। কখনও কোনও মানুষকে দুমুখো সাপ কামড়েছে বলে শোনা যায়নি। তবুও এক শ্রেণির মানুষ নিরন্তর মিথ্যা প্রচার করে মানুষের কাছে এই সাপকে ভয়ঙ্কর বিষধর হিসেবে উপস্থাপন করেছে।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় এই ধরনের অপপ্রচারের মাত্রা যথেষ্ট বেশি। এর সুফল তুলছে ওঝা ও গুনিনরা। তারা সাধারণ মানুষকে বোঝায় যে শনি ও মঙ্গলবার এবং অমাবস্যা ও পূর্ণিমায় দুমুখো সাপের বিষথলিতে বিষ জমে। আর এই সময় যদি দুমুখো সাপ কাউকে কামড়ায় তাহলে তাকে বাঁচানো অসম্ভব। এটি সম্পূর্ণ মিথ্যে কথা। আবারও বলছি, দুমুখো সাপ সম্পূর্ণ নির্বিষ সাপ। বিশেষ দিন বা তিথিতে কোনওভাবেই এদের বিষ উৎপন্ন হয় না, আর তাছাড়া এদের বিষথলিও নেই। সুন্দরবন অঞ্চলে কোথাও কোথাও ওঝা ও গুনিনরা শিশুদের রিকেট হলে দুমুখো সাপ নিয়ে রিকেটের ‘চিকিৎসা’ করে। শনিবার বা মঙ্গলবার কিংবা অমাবস্যা বা পূর্ণিমায় দুমুখো সাপ মেরে তা মাদুলির মধ্যে ভরে রিকেট আক্রান্ত শিশুর গলায় ঝুলিয়ে দেওয়া হয়। এতে ওঝা বা গুনিনের আর্থিক লাভ হলেও রিকেট আক্রান্ত শিশুর মারাত্মক ক্ষতি হয়। সারা জীবনের মতো তাকে পঙ্গু হয়ে যেতে হয় কিংবা পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়।

ছবি : প্রতীকী। দুমুখো সাপ। ছবি: এআই সহায়তায় তৈরি।
এদের প্রজনন সম্বন্ধে সত্যিই খুব কম জানা যায়। আগে ধারণা ছিল স্ত্রী ও পুরুষ দুমুখো সাপ শীতকালে যৌন মিলিত হয়। তবে গত শতকের শেষের দিকে বিজ্ঞানীদের গবেষণায় জানা যায় যে যত দুমুখো সাপ প্রকৃতিতে দেখা যায় তারা সবাই প্রকৃতিগতভাবে স্ত্রী। কোনও পুরুষ নেই। আর এদের রয়েছে তিন সেট ক্রোমোজোম, অর্থাৎ এরা ট্রিপ্লয়েড। নিষেক ছাড়াই এদের ডিম ফুটে বাচ্চা জন্মায় অর্থাৎ অপুংজনি (Parthenogenesis)পদ্ধতিতে এদের প্রজনন হয়। দুমুখো সাপেদের সমাজে পুরুষের প্রয়োজনই নেই! এরা বেশিরভাগ সময় পচা লতাপাতার মধ্যে ডিম পাড়ে কারণ সেখানে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকে। অনেক সময় পড়ে থাকা কাঠের গুঁড়ির বাকলের তলায় বা কাঠের ফাটলেও ডিম পাড়ে। একসাথে ৫-৭টি ডিম পাড়ে। খুব ছোট ছোট সাদা রঙের ডিম, ঠিক যেন সাগু দানা। ডিম পাড়ার প্রায় ৬০ দিন পর ডিম ফুটে বাচ্চা বেরোয়।
সুন্দরবনের সুন্দর প্রকৃতির এই ছোট্ট সরীসৃপ প্রাণীটি সম্ভবতঃ বিপন্ন নয়। হয়তো অদূর ভবিষ্যতে বিপন্ন হবার সম্ভাবনা নেই। কিন্তু নিরীহ এই প্রাণীটিকে নিয়ে মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর হোক এবং ওঝা গুনিনদের অনৈতিক ব্যবসা বন্ধ হোক।—চলবে।
সুন্দরবনের সুন্দর প্রকৃতির এই ছোট্ট সরীসৃপ প্রাণীটি সম্ভবতঃ বিপন্ন নয়। হয়তো অদূর ভবিষ্যতে বিপন্ন হবার সম্ভাবনা নেই। কিন্তু নিরীহ এই প্রাণীটিকে নিয়ে মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর হোক এবং ওঝা গুনিনদের অনৈতিক ব্যবসা বন্ধ হোক।—চলবে।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।


















