
ছবি: প্রতীকী।
একটি নিম্নচাপ যেতে না যেতে আবার নতুন করে তৈরি হতে চলেছে আর এক নিম্নচাপ। শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত ঘেঁষা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সোমবারই বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন ঝড়বৃষ্টি চলতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল। তাই গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া দফতর উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, শনিবার সকালেও ওই ঘূর্ণাবর্ত আগের অবস্থানে ছিল। তবে মনে করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোবে। যদি ঝাড়খণ্ড অভিমুখে এগোয় তাহলে তা আগের তুলনায় দুর্বল হবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা আপাতত সুরতগড়, রোহতক, ফতেহ্গড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় রয়েছে। যদিও ঘূর্ণাবর্তের প্রভাব কমলেও আবার নতুন নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগ থামছে না, এমনটাই মনে করছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৬: চিত্রকূটে রামচন্দ্রের প্রতি তপস্বীদের অনাস্থাপ্রকাশ এবং অত্রিপত্নী অনসূয়ার উপদেশের কোনও প্রাসঙ্গিকতা আছে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন
হাওয়া দফতর রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। এদিকে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/পর্ব-৩১

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে
মঙ্গলবার এবং বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝোড়া হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি রবিবারের জন্য জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙেও এই সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস কম।














