কলকাতায় বৃষ্টি

গাছের শাখায় বেত আছড়া। ছবি: এআই সহায়তায় তৈরি।

২৫, ২৬ বছর আগের কথা। শনিবার হওয়ায় দুপুর দেড়টাতেই স্কুল ছুটি হয়ে গিয়েছিল। আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলাম। স্কুলের গেটের কাছাকাছি পৌঁছনোর ঠিক আগে কয়েকটি ছাত্র-ছাত্রী কিছু প্রশ্ন নিয়ে এগিয়ে এল। তাদের বললাম, “চল, এই রাধাচুড়া গাছটার নিচে তোদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।” সেই মতো রাধাচূড়া গাছের গুঁড়ি ঘিরে তৈরি করা সিমেন্টের বেদির উপর বসলাম। স্কুলের চত্বরে গেটের ঠিক আগেই রয়েছে বেশ বড় একটি রাধাচুড়া গাছ। তাকে ঘিরেই কয়েক বছর আগে তৈরি করা হয়েছে বেদি।
আমার দু’ পাশে কয়েকজন ছাত্র-ছাত্রী বেদির উপর বসল এবং সামনে কয়েকজন ছাত্রছাত্রী দাঁড়িয়ে রইল। আমি এবং ছাত্র-ছাত্রীরা প্রশ্নোত্তর নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎই আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটল। ছেলেমেয়েগুলো ‘সাপ সাপ’ বলে বিরাট লাফ দিয়ে অনেকটা দূরে ছুটে পালাল। আমারও মনে হয়েছিল রাধাচূড়া গাছের ওপর থেকে কিছু যেন একটা সামনেই ধপাস করে পড়েছে। তাকিয়ে দেখি সত্যিই একটা সাপ। সাপটা কোনওক্রমে এঁকেবেঁকে অদূরে ঘাস জমির দিকে পালাতে লাগল। একটু এগিয়ে গিয়ে একঝলক দেখেই বুঝতে পারলাম এ হল বেত আছড়া সাপ।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯৫: নীল ছবির সন্ধানে

ঘোচায় কালিমা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এ সাপ আগে অনেকবার দেখেছি গ্রামের বাড়িতে থাকতে। আমবাগানে, বাঁশবাগানে এমনকি কেঁউ গাছের ঝোপে দেখেছি। এ সাপকে গায়ের রং আর চোখ দেখলেই চেনা যায়। ছেলেদের বললাম, “এত ভয় পাওয়ার কিছু নেই তোদের। এই হল বেত আছড়া। একদম নির্বিষ সাপ।” তারপরে মনে মনে ভাবলাম, আমার ল্যাবরেটরিতে সাপটিকে সংগ্রহ করে রাখলে কেমন হয়! ছাত্র-ছাত্রীদের সাপ চেনানোর জন্য আমি কিছু সাপ সংগ্রহ করে সংরক্ষণ করে রেখেছিলাম। তার মধ্যে কোনও গেছো সাপ ছিল না। সুতরাং এটাই সুযোগ। সাপ ধরার কোনও সরঞ্জাম হাতে ছিল না।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৫ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/৩

তাছাড়া আমি সাপ ধরার জন্য প্রশিক্ষিতও নই। তবে যেহেতু জানতাম নির্বিষ সাপ তাই ধরার জন্য কোনও ঝুঁকি ছিল না। আমি এগিয়ে গিয়ে জুতোশুদ্ধ পা চাপিয়ে দিলাম সাপটির মাথায়। মাথা আটকে যাওয়ায় লেজ দিয়ে প্রবল জোরে জুতোর উপর আঘাত করতে লাগল। তারপর সন্তর্পণে একহাতে লেজ এবং আরেক হাতে গলার কাছে চেপে ধরলাম। তারপর ছাত্র-ছাত্রীদের সাহায্য নিয়ে ল্যাবরেটরি খুলে ক্লোরোফর্মে সাপটিকে অজ্ঞান করে সংরক্ষণ করলাম। সেই বেত আছড়া সাপটি আজও আমার ল্যাবরেটরির তাকে সংরক্ষিত আছে। প্রকৃতি থেকে কোনও জীবকে হত্যা করে তা সংরক্ষণ করা উচিত নয় জেনেও ছাত্র-ছাত্রীদের স্বার্থে এ অন্যায় কাজ আমি করেছিলাম, কারণ জানতাম বেত আছড়া সাপ সুন্দরবন অঞ্চলে অতি সহজলভ্য সাপ এবং বিপন্ন হওয়ার সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। যদিও সেদিনের ঘটনার জন্য এখনও আমাকে অপরাধী মনে হয়।
কলকাতায় বৃষ্টি

পাতার ভেতর থেকে শিকারের অপেক্ষায় বেত আছড়া। ছবি: এআই সহায়তায় তৈরি।

বেত আছড়া সাপ নাম হওয়ার কারণ সরু লম্বা ও বেতের মতো লিকলিকে। অবশ্য বেত না বলে চাবুক বললে বেশি মানানসই হয়। লম্বায় হয় মোটামুটি ৯০-১২০ সেন্টিমিটার। অবশ্য ১২৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে দেখা গিয়েছে। পুরুষ বেত আছড়ার তুলনায় স্ত্রী সামান্য বড় হয়। রঙের ব্যাপারটি বাদ দিলে বেত আছড়া, লাউডগা সাপের মতোই। দেহের রং ধূসর বাদামি বা ব্রোঞ্জ রঙের হয়। এই কারণে ইংরেজিতে এই সাপের নাম হল ‘Bronze back tree snake’। অবশ্য কখনও কখনও গায়ের রং হয় সবুজাভ বাদামি বা হালকা হলুদ বা হালকা নীল। ঘাড়ের কাছ থেকে পিঠ বরাবর একটি লম্বা ব্রোঞ্জ রঙের চওড়া দাগ লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। লেজের দিকের এই দাগ সামনের দিকের থেকে বেশি উজ্জ্বল হয়। মাথার রং তামাটে বা কালচে বাদামি। দেহের নিচের দিকে রং হালকা হলুদ বা হলুদাভ সবুজ। পিঠের দিকের প্রতিটি আঁশের প্রান্তের দিকের রংঙ হয় কালচে নীল। তাই দূরে থেকে দেখলে মনে হবে যেন গোল গোল বোতাম দিয়ে তৈরি হয়েছে এদের দেহ। তাই সুন্দরবনের অনেক জায়গায় এই সাপকে বোতাম সাপও বলা হয়। পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই সাপ অবশ্য কোথাও বেতিয়া, কোথাও বেত্তিয়া, কোথাও বেতেড়া, আবার কোথাও তালছড়া নামে পরিচিত। বিজ্ঞানসম্মত নাম ‘Dendrelaphis tristis’।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস, পর্ব-১৬২: হার্ড ড্রাইভ হত্যারহস্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

এদের মাথাটা লম্বা এবং কিছুটা চ্যাপ্টা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল দুটো চোখ। বেশ বড় ড্যাবড্যাবে চোখ, আর তারারন্ধ্রের আকার হল গোল। দিনের বেলা অনেক দূর থেকে স্পষ্ট শিকারকে দেখার জন্য এমন চোখই প্রয়োজন। যেহেতু এরা গেছো সাপ তাই এদের পেটের দিকে আঁশগুলো বিশেষ ধরনের উপবৃদ্ধিযুক্ত যাতে করে সহজে গাছের গায়ে শরীরকে আটকে রাখতে পারে।

বেত আছড়া সাপ সচরাচর গাছ থেকে মাটিতে নামে না। এরা বৃক্ষ ও গুল্ম জাতীয় গাছে বেশি ঘোরাফেরা করে। ঝোপে ঝাড়েও দেখা যায়। বাঁশঝাড়ে এদের অনেকবার দেখেছি। শুকনো পাতার উপর দিয়ে বেয়ে যেতেও দেখেছি অনেকবার। সাধারণত এক গাছ থেকে আরেক গাছে বা এক ঝোপ থেকে আরেক ঝোপে যাওয়ার সময় যদি দূরত্ব বেশি হয় তখন এরা নিচে নামে। আবার অনেক সময় এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাওয়ার সময়ও নিচে পড়ে যায়। কখনও কখনও শিকার ধরে শিকারসহ গাছ থেকে নিচে পড়ে যায়। নিতান্ত প্রয়োজন না হলে এরা মাটিতে নামে না। মাটিতে চলাফেরা করতে এদের অসুবিধে হয়।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

বেত আছড়া সাপের শিকার কিন্তু খুবই ছোটখাটো প্রাণী যেমন টিকটিকি, গিরগিটি, গেছো ব্যাঙ, টুনটুনি, দুর্গা টুনটুনি, মৌটুসি ইত্যাদি ছোট পাখি ও পোকামাকড়। এরা দিনের বেলাতেই শিকার করে। শিকার ধরার সময় এরা কিন্তু তাড়া করে না, অনেকটা টিকটিকির শিকার ধরার পদ্ধতির মতো অতি সন্তর্পনে শিকারের দিকে একটু একটু করে এগিয়ে গিয়ে নাগালের মধ্যে এলে প্রবল গতিতে ঝাঁপিয়ে পড়ে। এরা রাতে সাধারণত বৃক্ষের কোটরে বা শাখায় কিংবা ঝোপের মধ্যে বিশ্রাম নেয়।

আগেই বলেছি এরা অত্যন্ত ভীরু প্রকৃতির সাপ। কিন্তু খুব চঞ্চল। তাড়া খেলে বা ভয় পেলে দ্রুত লাফিয়ে পালাতে পারে। সম্পূর্ণ নির্বিষ সাপ হল বেত আছড়া। এমনিতে এরা কামড়ায় না, কিন্তু নিতান্ত নিরুপায় হলে কামড়ায়। তখন সামান্য জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করে দিলেই চলে। যখন এরা বিপদ বুঝতে পারে তখন দেহের সামনের দিকটাকে চ্যাপ্টা করে কিছুটা প্রসারিত করে যাতে করে আঁশগুলো সরে গিয়ে ত্বকের উজ্জ্বল নীল রঙ প্রকাশ পায় এবং চেহারাটা অনেকটা বড় দেখায়। এই দেখে এদের খাদক বা শত্রু প্রাণী ভয় পেয়ে যায়। শত্রুর হাত থেকে রক্ষা পেতে এ হল বেত আছড়ার এক অসামান্য কৌশল।
কলকাতায় বৃষ্টি

শুকনো ঘাসজমিতে বেত আছড়া। ছবি: এআই সহায়তায় তৈরি।

বেত আছড়া সাপের প্রজনন সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এরা সাধারণত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিম পাড়ে। স্ত্রী বেত আছড়া সাপ গাছের কোটরে বা ফাটলের ভেতর এক একবারে ৬-৭টি ডিম পাড়ে। ডিম পাড়ার ৪-৬ সপ্তাহ পর ডিম ফুটে বাচ্চা বেরোয়।
সুন্দরবন অঞ্চলে শুধু নয়, ভারতবর্ষে বেত আছড়া সাপ বিপন্ন নয়। তবে এই সাপ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে (১৯৭২) চতুর্থ সিডিউলে সংরক্ষিত। সাপ না চেনার জন্য অনেক সময় বেত আছড়াসহ আরও অনেক নিরীহ নির্বিষ সাপকে অকারণে হত্যা করা হয়। তাই প্রকৃতির এই সুন্দর প্রাণীটি যাতে হারিয়ে না যায় সেজন্য আমাদের সতর্ক থাকা দরকার।—চলবে।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content