কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। এ আই নির্মিত ছবি।

রাক্ষসরাজ রাবণ, মায়াবী রাক্ষস মারীচের সাহায্যপ্রার্থী হয়েছেন। তার উদ্দেশ্য —প্রতিপক্ষ রামের পত্নী সীতাকে ছলে বলে কৌশলে অপহরণ। রাবণের পরিকল্পনা-অনুসারে মায়াবী মারীচ সোনার হরিণের রূপ ধারণ করে সীতাকে বিভ্রান্ত করবে। সীতার আবদার বজায় রাখতে রাম ও লক্ষ্মণ, দুই ভাই যখন সোনার হরিণকে অনুসরণ করতে করতে দূরে চলে যাবেন তখন রাবণ সীতাকে অপহরণ করবেন। রাবণ মারীচকে সতর্ক করল, রাবণের প্রস্তাবে সম্মত না হলে রাবণের হাতে তার মৃত্যু অবধারিত, এর অন্যথা হলেও বিপদ। কারণ রামের বিরুদ্ধাচরণের শাস্তি রামের হাতে মৃত্যুবরণ। মারীচের হল উভয়সঙ্কট। সব সিদ্ধান্তই মারীচের বিবেচনাধীন।

এই অবস্থায় মারীচের সিদ্ধান্ত কী হতে পারে? রাক্ষসরাজের আজ্ঞাধীন মারীচ। রাবণের ইচ্ছার বিরুদ্ধে সে এ পর্যন্ত তার মতামত প্রকাশ করেছে। সীতাহরণের ফল মারাত্মক ধ্বংসাত্মক।সেই বিষয়ে রাবণকে অবহিত করেছে মারীচ। রামশ্চ হি মহাতেজা মহাসত্ত্বো মহাবলঃ। অপি রাক্ষসলোকস্য ভবেদন্তকরোঽপি হি।। রামের সঙ্গে একদা সম্মুখযুদ্ধে পরাস্ত মারীচ রামের শক্তি ও সামর্থ্য, দৃঢ়তা বিষয়ে জানালেন। রাম মহাতেজস্বী, মহাশক্তিধর এবং মহাবলশালী। তিনি রাক্ষসকুল ধ্বংস করতে সমর্থ। অনমনীয় রাবণের যেন মরণেচ্ছা জেগেছে। মৃত্যুকামী মানুষ যেমন ওষুধ গ্রহণ করেন না তেমনই রাবণ মারীচের যুক্তিপূর্ণ হিতকর পরামর্শ গ্রহণ করল না। পরিবর্তে রাবণ রামের কঠোর সমালোচনা করে মারীচকে ভর্ৎসনা করল এবং প্রাণহরণের হুমকি দিল।

মারীচ একটুও ভীত না হয়ে রাজার মতবিরুদ্ধ কাজটি করতে প্রকারান্তরে অস্বীকার করল। নির্ভীক মারীচ কঠোরভাষায় বলল, হে নিশাচর রাক্ষস রাবণ, কে সেই পাপিষ্ঠ? পুত্র, রাজ্য, অমাত্য-সহ তোমার জন্যে এই ধ্বংসাত্মক উপদেশ দিয়েছে কে? কোন পাপী রাবণের সুখকে স্বাগত জানায় না? এই মৃত্যুদুয়ারবরণের উপায়সম্পর্কিত পরামর্শটি কোনও পাপাত্মার? মারীচ অভিযোগ করল, রাবণের সেই হীনবল শত্রুরা কারা? যারা বলবানের সঙ্গে বিরোধ সৃষ্টি করে রাবণের বিনাশের আয়োজন করেছে? কে সেই নীচবুদ্ধির অনিষ্টকারী যে রাবণের স্বকৃতকাজের মাধ্যমে তাঁর বিনাশসাধনে ইচ্ছুক? বিপথগামী মন্ত্রীরা যাঁরা রাবণকে সর্বোপায় অবলম্বন করে সঠিক পথে আনতে সচেষ্ট হন না তাঁরা বধের যোগ্য।
স্বেচ্ছাচারী রাজা কুপথ অবলম্বন করলে, সৎ অমাত্যরা তাঁকে ফিরিয়ে আনতে সচেষ্ট হন। অমাত্যৈঃ কামবৃত্তো হি রাজা কাপথমাশ্রিতঃ। নিগ্রাহ্যঃ সর্বথা সদ্ভিঃ স নিগ্রাহ্যো নিগৃহ্যতে। মারীচের অভিযোগের তীর বিদ্ধ করল রাবণকে, সে রাবণকে বাধা দিচ্ছে অথচ রাবণ মানছেন না। মারীচ, শ্রেষ্ঠ বিজয়ী রাবণের সুবুদ্ধি-উদয়ের চেষ্টা করল। প্রভুর অনুগ্রহে সচিবরা ধর্ম, অর্থ, কাম ও যশ লাভ করে থাকেন। এর অন্যথা হলে সবই ব্যর্থ হয়। প্রভুর আচরণ যদি এর বিপরীত হয় তবে সাধারণ প্রজারাও বিপর্যয়গ্রস্ত হন। বিজয়ী বীর রাবণের বোধোদয়ের জন্য মারীচ বলল, রাজাই ধর্ম ও যশের উৎস। তাই সকল অবস্থায় রাজাদের রক্ষা করা কর্তব্য। তীক্ষ্ণস্বভাব, অত্যন্ত বিরুদ্ধ আচরণ করেন যে অবিনয়ী রাজা, তিনি রাজ্য পালন করতে পারেন না। রাজাও মন্ত্রীদের সঙ্গে কঠোর মন্ত্রণার ফল ভোগ করে থাকেন, বন্ধুর পথে অদক্ষ সারথি চালিত রথের যে দশা হয় তার অবস্থা সেই রকম হয়। মারিচের উপলব্ধি, পৃথিবীতে বহু সজ্জন যথোপযুক্ত ধর্মানুষ্ঠান করেও পরের অপরাধে সবান্ধবে বিনষ্ট হয়েছেন। শৃগালের রক্ষণাবেক্ষণাধীন হরিণের মতো বিরুদ্ধাচারী উগ্র রাজার আশ্রিত প্রজাদের উন্নতি হয় না। মারীচ, রাবণকে কঠোর তিরস্কার করে বলল, আপনারর তুল্য কর্কশ, দুর্বুদ্ধি ও অসংযতেন্দ্রিয় রাজার প্রজাদের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। কাকতালীয় ঘটনা এই যে আমি ভয়ানক বিপদে পড়েছি। শুধু আপনার জন্যে শোক হয়,আপনি সসৈন্যে ধ্বংস হবেন।মারীচ যেন আসন্ন নিয়তির বিধান ঘোষণা করল,মারীচকে হত্যা করেই ওই রাম অচিরেই রাবণকে বধ করবেন। শত্রুর হাতে মরণ হলেও আমি কৃতার্থ বোধ করব। মনে রাখবেন, দেখামাত্র রামের হাতে আমি নিহত হব আর সীতাহরণ করে আপনি নিজে সবান্ধবে নিহত হবেন। দর্শনাদেব রামস্য হতং মামবধারয়। আত্মানঞ্চ হতং বিদ্ধি হৃত্বা সীতাং সবান্ধবম্।।

মারীচ, রাবণকে সতর্ক করল, যদি রাবণ মারীচকে সঙ্গে নিয়ে আশ্রম থেকে সীতাকে আনেন তবে না থাকবেন রাবণ, না মারীচ, না লঙ্কা, এমন কি রাক্ষসরাও থাকবে না। রাবণকে আসন্ন ভাগ্যবিপর্যয়ের ইঙ্গিত দিল মারীচ। হে নিশাচর রাক্ষস, নিষেধ করা সত্ত্বেও আমার মতো শুভাকাঙ্খীর কথা আপনি অগ্রাহ্য করলেন। পরলোকে গমন যাদের নিশ্চিত, সেই ক্ষীণায়ু ব্যক্তিরা হিতৈষীদের কল্যাণকর কথা গ্রহণ করেন না। নিবার্যমাণন্তু ময়া হিতৈষিণা ন মৃষ্যসে বাক্যমিদং নিশাচর।পরেতকল্পা হি গতায়ুষো নরা হিতং ন গৃহ্ণন্তি সুহৃদ্ভিরীরিতম্।।
আরও পড়ুন:

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

রাবণকে এই সব রুক্ষ কথা বলে, ভয়ে, কাতর মারীচ বলল, হে রাক্ষসপ্রভু,আমরা দু’জনেই যাব গচ্ছাবেতি। ভয়ত্রস্ত মারীচ জানাল, ধনুর্বাণ এবং খড়্গধারী রাম যদি মারীচকে হত্যা করতে উদ্যত হয়ে আবার একবারের জন্যেও তার দিকে তাকান তবে মারীচের প্রাণ যাবে। যদিও রাবণ যমদণ্ড ব্যর্থ প্রতিপন্ন করেছেন, তবু রামের প্রতি শৌর্য প্রকাশ করে, রাবণ প্রাণ নিয়ে ফিরতে পারবেন না।রাবণের যমস্বরূপ রাম, প্রতিপক্ষ হয়েই থাকবেন। হতাশ মারীচ বলল, রাবণের মতো দুর্বৃত্তের ক্ষেত্রে মারীচের কিছু করবার সামর্থ্য কিই বা আছে। হে নিশাচর,আপনার মঙ্গল হোক। এই আমি চললাম। এষ গচ্ছাম্যহং তাত স্বস্তি তেঽস্তু নিশাচর। মারীচের কথায় সন্তুষ্ট রাবণ তাকে সুদৃঢ় আলিঙ্গন করে বলল, আমার ছন্দে সুর মিলিয়ে যে বীরত্বপূর্ণ কথা তুমি বললে, তাই তুমি এখন যথার্থ মারীচ হলে, আগে তুমি যেন এক অন্য রাক্ষস ছিলে। এতচ্ছৌণ্ডীর্য্যযুক্তং তে মচ্ছন্দবশবর্ত্তিনঃ। ইদানীং মারীচঃ পূর্ব্বমন্যো হি রাক্ষসঃ।। রাবণ মারীচকে তাড়া দিলেন, দ্রুপ আমার সঙ্গে পিশাচমুখগাধাবাহিত, আকাশগামী, রত্নভূষিত, রথে আরোহণ কর। আরুহ্যতাময়ং শীঘ্রং খগো রত্নবিভূষিতঃ। ময়া সহ রথো যুক্তঃ পিশাচবদনৈঃ খরৈঃ।। রাবণ বলল, বৈদেহীকে প্রলুব্ধ করে মারীচ যেখানে ইচ্ছে চলে যেতে পারে। রামলক্ষ্মণশূন্য আশ্রম হতে রাবণ, মৈথিলী সীতাকে জোর করে নিয়ে আসবে। তাড়কাপুত্র মারীচ বলল তথেত্যুবাচ তাই হবে।অবিলম্বে রাবণ ও মারীচ বিমানের মতো রথে আরোহণ করল। সেই আশ্রমমণ্ডল থেকে রথারোহী দু’জনা, নগর বন দেখতে দেখতে দ্রুত যাত্রা করল। পর্বত, নদী, নানা দেশ, নগর অতিক্রম করে, দণ্ডকারণ্যে পৌঁছে, মারীচ-সহ রাবণ, সেই সোনায় নির্মিত রথ থেকে রাঘবের আশ্রম দেখতে পেল। মারীচের হাতদুটি ধরে রাক্ষসরাজ রাবণ বলল, কলাগাছে ঘেরা এই যে দৃশ্যমান রামের আশ্রম। সখে, যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটা তাড়াতাড়ি করো। এতদ্রামাশ্রমপদং দৃশ্যতে কদলীবৃতম্। ক্রিয়তাং তৎ সখে শীঘ্রং যদর্থং বয়মাগতাঃ।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত

রাবণের কথা শুনে, রাক্ষস মারীচ, তখন হরিণ হয়ে আশ্রমের প্রবেশদ্বারে বিচরণ করতে লাগল। মারীচের সেই রূপ বড়ই অদ্ভুত। তার শিঙের অগ্রভাগ ছিল শ্রেষ্ঠমণির তুল্য,মুখের গড়ন সাদাকালোয় মেশা, মুখটি রক্তপদ্মের মতো, কান ইন্দ্রনীল উৎপলের সমান বর্ণবিশিষ্ট, গ্রীবা কিছুটা ঊঁচু, উদরটি ইন্দ্রনীলমণির সমান, পাশটি মধূকফুলের মতো, দেহটি তার পদ্মকেশরবর্ণবিশিষ্ট সুন্দর ও চকচকে, বৈদূর্যমণিতুল্য তার খুর, জঙ্ঘা ক্ষীণ, দেহের গড়ন সুগঠিত, ঊর্ধ্বমুখ পুচ্ছটি ইন্দ্রধনুর মতো বিচিত্র বর্ণময়। মুহূর্তে রাক্ষসটি নানাবিধ রত্নসংযোগে মনোহর, স্নিগ্ধ, পরম সুন্দর একটি হরিণে পরিণত হল। সেই রাক্ষস মারীচ তার মনোহর দর্শনীয় রূপ ধরে বনভূমি এবং রামের রমণীয় আশ্রমটি উদ্ভাসিত করে তুলল। সীতাকে প্রলুব্ধ করবার জন্য সে, নানা ধাতুসংযোগে বিচিত্র কচি ঘাসেভরা সবুজ বনভূমিতে বিচরণ করতে লাগল। রুপোর বিন্দুতে চিত্রিত প্রিয়দর্শন হরিণ গাছের পাতা খেতে খেতে ঘুরে বেড়াতে লাগল। কখনও কলাগাছের বাড়ির কাছে, কখনও বা কর্ণিকাগাছের কাছে সীতার দৃষ্টি আকর্ষণের জন্যে ধীরে ধীরে বিচরণ করতে লাগল সে। মহামৃগ, কমলতুল্য বিচিত্র পিঠ-সহ বিরাজ করছিল। রামের আশ্রমপরিসরে সে মহাসুখে ঘুরছিল। কোথাও একবার গিয়ে ফিরে আসছে, কোথাও বা মুহূর্তের জন্য দ্রুত গিয়ে ফিরে আসছে।

হরিণটি খেলতে খেলতে কখনও আবার মাটিতে বসে পড়ছে। কখনও বা আশ্রমের প্রবেশদ্বারে পৌঁছে হরিণের দলের কাছে যাচ্ছে। হরিণদলের অনুসরণরত হরিণরূপী মারীচ আবারও ফিরে আসছে। সীতার দৃষ্টিপাতের আশায় রাক্ষস মারীচ হরিণ হয়েছে। সে বিচিত্র মণ্ডলাকার পরিসরে বিচরণরত। তাকে দেখে অন্য হরিণরা কাছে এসে তার ঘ্রাণ নীয়ে দশদিকে ছুটে পালালো। একদা রাক্ষস মারীচ সেই সব হরিণবধে নিরত থাকত, এখন নিজের স্বভাব গোপন রাখার জন্য তাদের স্পর্শ করেও খেয়ে ফেলল না। সেই সময়ে সুনয়না সীতা, ফুল তুলতে উৎসুক হয়ে মদিরদৃষ্টিতে কর্ণিকার, অশোক এবং আমগাছের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলেন। ফুল তুলতে বিচরণরতা সীতা, সুন্দর মুখশ্রীর অরণ্যবাসে দুষ্প্রাপ্য রত্নময় হরিণের দেখা পেলেন। মুক্তামণিতে চিত্রিত বিচিত্র তার অঙ্গ, হরিণের দাঁত ও ঠোঁট সুন্দর, গায়ের রোমগুলি তার রুপোর। বিস্মিতা সীতা, আনন্দোচ্ছলদৃষ্টিতে সস্নেহে তাকে দেখলেন। সেই মায়ামৃগ, রামের প্রিয়াকে দেখে বন আলো করে বিচরণ করতে লাগল। রত্নমণ্ডিত এমন হরিণ আগে তো কখনও দেখেননি, জনকনন্দিনী সীতা। তিনি অত্যন্ত আশ্চর্য হলেন।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

রাবণের প্রস্তাবে মারীচের সম্মতি, বলা যায় অশুভশক্তির কাছে শুভবোধের একপ্রকার নতিস্বীকার। শুধু তাই নয়, এই সম্মতি, নৈতিকতার পরাজয়,ক্ষমতাসীন প্রভুর সঙ্গে অশক্ত অধীনের সমঝোতার নামান্তর। কিংবা জেনে বুঝেও একজন একান্ত বিশ্বস্তজনের ঐচ্ছিক মর্মান্তিক পরিণতি মেনে নেওয়ার অঙ্গীকার।

রাবণ মুখ, মারীচ তার মুখোশ।
মায়াবী মারীচের আছে মায়াশক্তির মুখোশ। মারীচের প্রকৃত সত্তা আবৃত হয়েছে মায়াহরিণের সোনার আবরণে। ব্যবহৃত হয়েছে, সদুদ্যোগের ব্যর্থ কারিগর মারীচের বিবেচক শুভবোধ। এমন সোনারুপোর কৃত্রিম আচ্ছাদনে ঢাকা পড়ে মানুষের শ্রেষ্ঠ রতনধন, হৃদয়। এক নিষ্পাপ অবোধ নিরীহ বন্যপ্রাণী হরিণের সারল্যে ভরা রাক্ষস মারীচের মায়াময় রূপ। বিভ্রান্তিকর সেই হরিণ নয়,তাঁর বাহ্যিক রূপ। হরিণের আকর্ষণের মূল হল তার কৃত্রিমতায় পরিপূর্ণ দেহে, সোনার আবরণ ও তাতে রুপোর চিত্রিত রূপ। সেই সঙ্গে তার আকর্ষণীয় বিভঙ্গ। শপিং মলের কৃত্রিমভাবে সজ্জিত আকর্ষণীয় পুতুল মানুষ (ম্যানেকুইন) যেমন মানুষকে মোহমুগ্ধ করে বিভিন্ন সাধ্যাতীত বস্তু কিনতে প্রলুব্ধ করে, অনেকটা সেই রকম।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

রাবণের অশুভশক্তির হাতিয়ার মারীচ। রাবণের কুকীর্তির দোসর মারীচ, মায়াবলে যে কোনও রূপধারণে সক্ষম। অশুভবোধ তার দ্বারস্থ হয়েছে। সে ছদ্মবেশে প্রতিপক্ষকে আকৃষ্ট করেছে তার বিশেষ ঝাঁ চকচকে রূপে। এক ক্ষমতাসীন মানুষ যেমন বলপ্রয়োগ করে, প্রলুব্ধ করে তাঁর বিশ্বস্ত কোনও সঙ্গীর আনুগত্যের সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে, মারীচও তেমন এক ভাগ্যহত। মারীচের দূরদর্শিতা, নৈতিকতা, সততা, বিশ্বস্ততা, বাস্তবতার নিরিখে বিবেচনাশক্তি, এইণসব গুণ থাকা সত্ত্বেও সে রামায়ণের অন্যতম খলনায়করূপে চিহ্নিত হয়েছে। পরিকল্পনা এবং কাজে পরিণত করবার উদ্যোগ সম্পূর্ণভাবে রাবণের। রাবণ কাজের অংশীদার হয়েছে। তবে মারীচ না থাকলে রাবণের পরিকল্পনা কার্যকর করা হয়তো খুব সহজ হোত না। রামায়ণে ইচ্ছার বিরুদ্ধে এক ধিক্কারময় খলনায়কের ভূমিকায় রয়ে গেল মায়ামৃগ মারীচ।

রামের অসীম মানসিকশক্তির সঙ্গেও রাবণের প্রতিযোগিতার সূত্রপাত হল। যেটা খুব সহজ কাজ নয়। রাবণ হয়তো অনুমান করেছিলেন রামের স্বচ্ছ মানসদৃষ্টির সম্মুখীন হলে, রাবণের জালিয়াতি, প্রতারণার, স্থূল পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য হবে। তাই বোধ হয়,মারীচের কৃত্রিম মায়াশক্তির আশ্রয়ের আয়োজন। নিষ্পাপ হরিণের সরল দৃষ্টি, সীতার অরণ্যবাসের নিত্যসঙ্গী, শান্ত আশ্রমজীবনের স্বাভাবিক অনুষঙ্গ। তার বাহ্যিক চাকচিক্য, বিভ্রান্তিকর একটি ব্যতিক্রম, যেটা সীতাকে আকৃষ্ট করেছিল। সোনা-রুপা নয়, তার বিচিত্র বাহারি রূপচ্ছটায় মুগ্ধ হয়েছিলেন জানকী। লোভ নয়, সৌন্দর্যপ্রিয় এক মানবীর অপার কৌতূহল সীতাকে আকৃষ্ট করেছিল হয়তো। সাধারণের সরল মনে এই বিভ্রান্তিকর চাঞ্চল্য সৃষ্টি করে জীবনের যা কিছু উপভোগ্য সামগ্রী, যত না প্রয়োজনে ঠিক ততটাই বাহ্যিক কৃত্রিম আড়ম্বরের প্রলেপে। বস্তুতান্ত্রিক দুনিয়ায়, সোনার হরিণ আছে নানা রূপে। সে বিভ্রান্ত করে সরলপ্রাণকে, তাকে ধরা সাধ্যাতীত তবু সে সেই আড়ম্বরপূর্ণ বিলাসিতার প্রতীক হয়ে চমকে দেয় মানুষকে, নিয়ে যায় আয়ত্তের বাইরের কোনও অজানা লোকে। তার কুহকজালে আবিষ্ট করে আধুনিক মানুষকে। ঝাঁ চকচকে হরিণজীবন অধরা রয়ে যায়,তবু তার মোহমুগ্ধতা, অপ্রতিরোধ্য, অমোঘ, দুর্লঙ্ঘ— সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়,যায় না তারে বাঁধা, তার নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা…
* মহাকাব্যের কথকতা (Epics monologues of a layman): পাঞ্চালী মুখোপাধ্যায় (Panchali Mukhopadhyay) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ, যোগমায়া দেবী কলেজে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content