
কানা মেটুলি। ছবি: এআই সহায়তায় তৈরি।
অন্ধ্রপ্রদেশ উপকূলে কয়েকদিন আগেই আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে উদ্ভূত সামুদ্রিক ঘূর্ণিঝড় অর্ণব। তারই প্রভাবে আমাদের সুন্দরবন এলাকায় দু’একদিন ধরে মেঘলা আকাশ ও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির সন্ধ্যায় আমার ভাইপো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাল একটি সাপের। জানতে চাইল সাপটির পরিচয়। ছবি দেখেই চিনে গেলাম, সুন্দরবনের অতি পরিচিত আধা-জলজ সাপ কানা মেটুলি বা মেটুলি।
সুন্দরবন অঞ্চলে বিশেষ করে সুন্দরবনের গ্রামাঞ্চলে এই সাপ দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এদের বর্ষাকালে বা বর্ষার পরে প্রায়শই ধানক্ষেতের আশেপাশে আলে, বাঁধে, খামারে, উঠোনে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখা যায়। বিশেষ করে সন্ধ্যের পর দেখা যায়। অনেক সময় ড্রেনের মধ্যেও পোকামাকড় খাওয়ার জন্য চলে আসে। বেশ কয়েকবার ড্রেন থেকে উঠে বাড়ির সিমেন্টিং করা চাতালে উঠে এসেছিল। মসৃণ চাতালের ওপর দিয়ে ওর বেয়ে যেতে যে বেশ অসুবিধে হচ্ছিল তা বুঝতে পারছিলাম। লেজের উপর ভর দিয়ে শরীরটাকে ইংরেজি S-এর মতো বাঁকাতে বাঁকাতে লাফাচ্ছিল। স্থলভাগের উপর দিয়ে এদের গতি কিন্তু বেশ স্লথ। তবে যেহেতু এরা মূলত জলে বসবাসের জন্য অভিযোজিত তাই স্বচ্ছন্দে জলে সাঁতার কাটতে পারে। তবে সাঁতার কাটার সময়ও এদের দেহ ইংরেজি S-এর মতো বাঁকিয়ে সাঁতার দেয়।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
মেটুলি বা কানা মেটুলি সাপ লম্বায় হয় প্রায় ১৩০ সেন্টিমিটার। স্ত্রী সাপের আকার পুরুষদের থেকে সামান্য বড়। এদের মাথা তুলনামূলকভাবে ছোট এবং প্রায় ঘাড়ের সমান ব্যাসবিশিষ্ট। ফলে মাথা ও ঘাড় আলাদা করা মুশকিল। যেহেতু এরা বেশি সময় জলেই থাকে তাই দেখা ও শ্বাস গ্রহণের জন্য চোখ ও নাসারন্ধ্রের অবস্থান মাথার সামান্য উপরের দিকে। এদের দুটো চোখ খুব ছোট এবং কনীনিকা উপবৃত্তাকার। গাঢ় কালচে-বাদামি মাথার উপর কালো চোখ দূর থেকে ভালোভাবে বোঝা যায় না। মনে হয় সেই কারণেই এদের নাম বাংলায় কানা মেটুলি।
আরও পড়ুন:

ঘোচায় কালিমা

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
এদের গায়ের রং কাদামাটির মতো সবুজাভ বাদামি হওয়ায় মনে হয় মেটুলি নামকরণ হয়েছে। তবে অনেক সময় গাঢ় ধূসর বর্ণেরও হয়। তবে পিঠের দুপাশে মাথার দুপাশ থেকে লেজ পর্যন্ত হালকা হলুদ রঙের দুটো রেখা লম্বালম্বি বিস্তৃত থাকে। পেটের দিকের রঙ হালকা হলুদ বা সবুজাভ হলুদ। পেটের ঠিক মাঝখান দিয়ে রয়েছে স্পষ্ট বিন্দু বিন্দু কালো ফোঁটার রেখা, আর পেটের দুপাশে ধূসর বাদামি রেখা। শরীর খুবই গাঁট্টাগোট্টা ও প্রস্থচ্ছেদে গোলাকার, তবে লেজ অনেক ছোট এবং পায়ুর পর হঠাৎ করে বেশ সরু হয়ে যায়। গা এতটাই মসৃণ যে আলো পড়লে চকচক করে।

কানা মেটুলি সাপের পেটের দিক। ছবি: এআই সহায়তায় তৈরি।
আগেই বলেছি, এরা আধা জলজ সাপ। তবে বেশিরভাগ সময় জলেই কাটায়। বদ্ধ জলাশয় যেমন পুকুর ও ডোবা, হ্রদ, খাল, ধানজমি ইত্যাদি হল এদের পছন্দের জায়গা। মিষ্টি জলে থাকতে এরা পছন্দ করলেও সুন্দরবনের সামান্য লবণাক্ত জলেও এরা থাকতে স্বচ্ছন্দ। তবে পুরোপুরি লবণাক্ত জল এদের পক্ষে অনুপযুক্ত। তাই নিয়মিত জোয়ার ভাটা খেলে যেসব নদী-নালা, খাল, খাঁড়ি ইত্যাদিতে সেখানে এদের দেখা পাওয়া যায় না। অগভীর জলাশয় যেখানে পানা, কলমি শাক, ঢোল কলমি, হিংচে শাক, শুষনি শাক বা অন্যান্য আগাছা জন্মায় সেই জায়গা ওদের পক্ষে আদর্শ। অগভীর জলাশয়ের জলজ আগাছার গোড়ায় কাদার মধ্যে এদের বাসস্থান। এরা দিনে এবং সন্ধ্যেবেলায় বেশি সক্রিয় থাকে, তবে তীব্র রোদে বা দুপুরের দিকে ডাঙায় ওঠে না।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
এদের প্রিয় খাবার হল মাছ। আমরা ছোটবেলায় যখন আলে বা খালে ঘুনি, মুগরি, আটল ইত্যাদি বসাতাম মাছ ধরার জন্য তখন মাঝে মাঝেই দেখেছি কানা মেটুলি আটকা পড়েছে। কখনো কখনো জালেও আটকে উঠে আসতে দেখা যায়। তখন এমন ভাবে জড়িয়ে যায় যে জাল থেকে ছাড়ানো মুশকিল হয়। অনেক সময় নালা দিয়ে যখন ধীরে ধীরে জল প্রবাহিত হয় তখন সেখানে মাছ খাওয়ার জন্য এরা চুপচাপ ওৎ পেতে থাকে। মাছ ছাড়াও ব্যাঙাচি, ছোট ব্যাঙ, জলজ পোকা এবং ডাঙায় পোকামাকড়, ছোট ছোট ব্যাঙ ও টিকটিকি এদের খাদ্য।
স্ত্রী কানা মেটুলি সাপ ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। আসলে ডিম থাকে দেহের মধ্যে এবং তা থেকেই বাচ্চারা বেরিয়ে আসে। সাধারণত বর্ষাকাল হল এদের প্রজনন ঋতু। স্ত্রী কানা মেটুলি সাপ একবারে ৫-৩৯ টি বাচ্চার জন্ম দেয়।
স্ত্রী কানা মেটুলি সাপ ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। আসলে ডিম থাকে দেহের মধ্যে এবং তা থেকেই বাচ্চারা বেরিয়ে আসে। সাধারণত বর্ষাকাল হল এদের প্রজনন ঋতু। স্ত্রী কানা মেটুলি সাপ একবারে ৫-৩৯ টি বাচ্চার জন্ম দেয়।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত
ফনাহীন, ভীতু, নিরীহ এই সাপটি যদিও অতি ক্ষীণ বিষসম্পন্ন কিন্তু তাতে মানুষের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যে সামান্য বিষ থাকে তা শিকারকে নিস্তেজ করার কাজে লাগে। এমনিতে এদেরকে হাত দিয়ে নাড়াচাড়া করলেও কামড়ায় না। তাও যদি কামড়ে দেয় তাহলে বড়জোর আঁচড়ের মতো কিছু দাগ হয়। সেই ক্ষতস্থান সামান্য জ্বালা করে ও ফুলে যেতে পারে। সাধারণ জীবাণুনাশক দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলেই চলে। ৩-৪ দিনের মধ্যেই ক্ষতস্থান শুকিয়ে যায়।

শালুক পাতার উপর কানা মেটুলি। ছবি: এআই সহায়তায় তৈরি।
অনেকেই বলে কানা মেটুলি নাকি কুৎসিত দর্শন সাপ। আমার কিন্তু তা মনে হয় না। আমার তো দেখতে বেশ ভালই লাগে। সুন্দরবনের জনবসতি এলাকার জলজ বাস্তুতন্ত্রের এই গুরুত্বপূর্ণ সদস্যটির সংখ্যা ইদানিংকালে কিছুটা কমেছে বলেই আমার ধারণা। আগের মতো এদের আর দেখতে পাই না। সম্ভবত বসতি ধ্বংস এবং কৃষিকাজে রাসায়নিক কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার এদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। সুন্দরবনের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে গেলে ওদেরও রক্ষা করতে হবে।—চলবে।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।


















