
বেলা পেরিয়ে সন্ধ্যা নামে এই মধ্যকার্ত্তিকের শহর, নগর, জনপদে। অন্যদিনের চেয়ে অন্যরকম এই কাল আজ পরশু’র প্রাণে প্রাণে দীপ জ্বেলে যাওয়া আলোর রাত। অমাবস্যার হিমস্পর্শী নিশীথিনী নামে ধীরে ধীরে। শুরু হয় কালিকার আরাধনা। অস্পষ্ট মন্ত্র দূর থেকে দূরে ভেসে যাচ্ছে। নিরালোক পথের দুধারের বাড়িগুলো থেকে নানা রঙের আলোয় খানিক উচ্ছ্বাস, অনেকটা স্থির মাধুর্য। আকাশে জেগে উঠছে আলোর ফুল, মালা। বিস্তৃততর আলোকিত ছায়াপথ যেন জেগে উঠে নিভে এল দক্ষিণের কোণে। রাস্তার মোড়ে তুবড়ির রোশনাই, দূরে বহুতলের ছাদে জেগে উঠছে সবুজ রংমশাল। আমার চেতনার রং পান্নাসবুজ, রাঙা চুনি হয়ে জেগে উঠতে চাইল আকাশে।
দূরের ব্যালকনিতে সারি সারি মোমবাতি হাসিমুখে তাকিয়ে পাশের জানালার মাটির প্রদীপের দিকে। মোমভরা মাটির বাতিদান আকাশপ্রদীপ হয়ে তাকিয়ে আছে ঝিকঝিকে আলোর চাদরের দিকে। “জ্বালাও আলো, আপন আলো। জয় করো ওই তামসীরে।” মন্ত্রপাঠের গতি বাড়ছে। রাত গভীর হয়ে অন্ধকার ল্যাম্পপোস্টের নিচে থমকে থেমে; দূরে দূরে নানা শব্দের মালা ভেসে যাচ্ছে বাতাসের সমুদ্রে, এমন সময় রাশি রাশি পটকা দোদমা আছড়ে পড়ল ঝড়ের মতো।
আরও পড়ুন:

উপন্যাস, পর্ব-৯৩ : আকাশ এখনও মেঘলা

শ্রীঃ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

বিশেষ নিবন্ধ : মুকুন্দ দাস: স্বদেশ জাগরণের চারণকবি
ওই হলুদ বাড়িটার গায়ে জেগে ওঠা নক্ষত্রপুঞ্জ যেন পাখা মেলে উত্তরের বাতাসে এখুনি গা ভাসাবে। আরো দূরে কোথায় যেন কাঁসর-ঘণ্টা বাজছে অনেকক্ষণ। কাছেই কোথাও উলু আর ঢাকের বাদ্যি। মুক্তকেশী মা পুজো নিচ্ছেন স্থির অচঞ্চল চোখে। হলুদ টুনির চারপাশে ভিড় করেছে ছোট ছোট পোকা। টিকটিকিটা রেনপাইপের পাশে নিষ্প্রভ চোখে আড়ি পাতছে। পেঁপে গাছের পাতার ছায়া দুলে দুলে, সরে সরে যাচ্ছে নীল সবুজ আলোর মাঝে মাঝে। ক্যালেন্ডারের ওপরে নেচে বেড়াচ্ছে ক’টা গোলাপি আলোর বল। আবার একটা বোমা ফাটল কাছেই কোথাও।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯১: কেন পান্থ, চঞ্চলতা!

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
শ্যামা মা কি আমার কালো? নাকি পীত, শ্বেত, নীললোহিত? আকাশে একটা রকেট উড়ে গেল মাঝমাঠ থেকে। দূরের নারকেল গাছটা প্রতিপদের চাঁদের অপেক্ষা করছে। গলির মোড়ে এখন অল্প আলোয় ধোঁয়া পাক খেতে খেতে উঠে যাচ্ছে ওপরে। যেন প্রকৃতি সচল হয়ে নিশ্চল পুরুষের সঙ্গে মিশে যাচ্ছেন অনন্তে। চাপা মন্ত্রের তালে তালে মণ্ডপের হলুদ কাপড়ের কুঁচির ওপর বাতাস বয়ে যাচ্ছে। আলো আলো মুখে দেবী রহস্যহাসি হাসছেন। ধুনুচির শেষ গন্ধটুকু মিশে যাচ্ছে ছাতিম গাছের ছায়ায়। দূরে দূরে সোঁ সোঁ আওয়াজ, আবার ঢাক বেজে উঠেছে ঘণ্টার সঙ্গে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৮১: শিশুপালের মৃত্যু, এক সাধারণের নির্মম পরিণতি

চলচ্চিত্র সমালোচনা অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী
রংমশাল কি ফুরিয়ে এল? তারাকাঠির আলো এখন ওই বাড়ির নক্ষত্রলোকে পথ হারিয়েছে। আবার সশব্দ উল্লাস। ব্যালকনির শেষ বাতিটা নিভে এসেছে, তাকে আলতো করে শেষবার ছুঁয়ে গেল মোলায়েম সরোদের সুর। হাউইয়ের আলো আর ধোঁয়া মিশে মিশে মাঠের ওপর চাঁদোয়া সাজিয়েছে। চাঁদমালার শেষপ্রান্তটা শিবের মাথায় দুলে দুলে বাতাস করছে। শিয়ালটা কি একবার ফলের থালায় চোখ রাখল? এতক্ষণের সকল শব্দ এখন নৈঃশব্দের সাধনায় বসল। রাতে আরও গভীর হয়ে অশ্বত্থের পাতা, ঘাস ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা শিশিরে। দূরের বারান্দা, কাছের জানালা অমাবস্যার আঁধারে মুখ লুকিয়েছে কখন।
আরও পড়ুন:

শ্রীঃ

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৩ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/১
আকাশটা এখন কি কালো? নাকি পীত? শ্বেত? নীললোহিত? মাঠের বুকে জমতে থাকা ধোঁয়ার চাদর এখন আকাশের ঠিক নিচে ওই হাইরাইজের সতেরো তলায়। বাড়ির গায়ে ঝিমমিকে ছায়াপথটা কালধারিণী কালহারিণী দেবীর মন্ত্রের সঙ্গে দুলছে, পাখা মেলছে — কালি! কালি! মহাকালি! কালিকে পাপহারিণি—
ধর্মার্থমোক্ষদে দেবি…
“ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গমাঝারে,ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্টকেশ, অট্ট অট্ট হাসে রে—হাহাহা হাহাহা হাহাহা!
আরে বল্ রে শ্যামা মায়ের জয়, জয় জয়,
জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয়—
ধোঁয়ার চাদর এখন আরও ওপরে আকাশের নিচে বুঁদ হয়ে জমে আছে, ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আলগা আয়েসে। তাকে ছাড়িয়ে আমার চেতনার চুনিপান্না মিশে যেতে চাইছে ওপরের দিকে। মন্ত্রপাঠ থামল। পুষ্পাঞ্জলির আর দেরি নেই।
ধর্মার্থমোক্ষদে দেবি…
“ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গমাঝারে,ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্টকেশ, অট্ট অট্ট হাসে রে—হাহাহা হাহাহা হাহাহা!
আরে বল্ রে শ্যামা মায়ের জয়, জয় জয়,
জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয়—
ধোঁয়ার চাদর এখন আরও ওপরে আকাশের নিচে বুঁদ হয়ে জমে আছে, ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে আলগা আয়েসে। তাকে ছাড়িয়ে আমার চেতনার চুনিপান্না মিশে যেতে চাইছে ওপরের দিকে। মন্ত্রপাঠ থামল। পুষ্পাঞ্জলির আর দেরি নেই।
* ড. অভিষেক ঘোষ (Abhishek Ghosh) সহকারী অধ্যাপক, বাগনান কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত। স্নাতকোত্তরের পর ইউজিসি নেট জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সাড়ে তিন বছর পূর্ণসময়ের গবেষক হিসাবে যুক্ত ছিলেন। সাম্বপুরাণের সূর্য-সৌরধর্ম নিয়ে গবেষণা করে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। আগ্রহের বিষয় ভারতবিদ্যা, পুরাণসাহিত্য, সৌরধর্ম, অভিলেখ, লিপিবিদ্যা, প্রাচ্যদর্শন, সাহিত্যতত্ত্ব, চিত্রকলা, বাংলার ধ্রুপদী ও আধুনিক সাহিত্যসম্ভার। মৌলিক রসসিক্ত লেখালেখি মূলত: ডিজিটাল প্ল্যাটফর্মে। গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে। সাম্প্রতিক অতীতে ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে, বিদেশেও নির্বাচিত হয়েছেন অনলাইন চিত্রপ্রদর্শনীতে। ফেসবুক পেজ, ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেন নিজের চিত্রকলা। এখানে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কলম ও তুলি। লিখছেন রম্যরচনা, অলংকরণ করছেন একইসঙ্গে।















