কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

মায়াবী মারীচ এবং রাক্ষসরাজ রাবণ, রামপত্নী সীতাকে হরণের উদ্দেশ্যে এসেছে দণ্ডকারণ্যে, রামের আশ্রমের পরিসরে। সুতন্বী সীতা তখন ফুল তুলছিলেন। বিচিত্র বিভঙ্গে অপরূপ হরিণরূপ ধারণ করে মারীচ সীতার দৃষ্টি আকর্ষণ করল। হরিণটির দু’ পাশে সোনারূপার বর্ণচ্ছটার শোভা। অনিন্দ্যাকৃতিবিশিষ্টা, কাঞ্চনবর্ণা সীতা, সেই হরিণ দেখে, আনন্দে উচ্ছ্বসিত হয়ে স্বামী রাম ও দেবর সশস্ত্র লক্ষ্মণকে চিৎকার করে ডেকে ডেকে বললেন, আগচ্ছাগচ্ছ শীঘ্রং বৈ আর্য্যপুত্র সহানুজ।

আর্যপুত্র, ভাইকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি আসুন, শিগগির আসুন। সীতার ডাকে সাড়া দিয়ে রামলক্ষ্মণ জায়গাটির দিকে তাকিয়েই হরিণটিকে দেখলেন। তাকে দেখে শঙ্কিত লক্ষ্মণ তাঁর সন্দেহ প্রকাশ করলেন। লক্ষ্মণের ধারণা, এই হরিণ হল রাক্ষস মারীচ। তাঁর সন্দেহের কারণ,পাপিষ্ঠ মায়ারূপধারী মারীচ বনে মৃগয়ার জন্যে আনন্দে বিচরণরত বহু রাজাদের হত্যা করেছে। লক্ষ্মণ, রামকে সতর্ক করলেন, হে পুরুষশ্রেষ্ঠ, মায়াবী মারীচ তার মায়াবলে গন্ধর্বনগরের মতো আকর্ষণীয় রূপ ধারণ করেছে। এমন বিচিত্র রত্নমণ্ডিত হরিণ পৃথিবীতে কোথাও নেই, এ যে মায়াহরিণ,এই বিষয়ে কোন সন্দেহ নেই। অস্য মায়াবিদো মায়ামৃগরূপমিদং কৃতম্। ভানুমৎ পুরুষব্যাঘ্র গন্ধর্ব্বপুরসন্নিভম্।। মৃগো হ্যেবংবিধো রত্ন-বিচিত্রো নাস্তি রাঘব। জগত্যাং জগন্নাথ মায়ৈষাহি ন সংশয়ঃ।।
লক্ষ্মণ এই কথা বলতে না বলতেই সুহাসিনী সীতা মায়ার ছলনায় কাণ্ডজ্ঞান হারিয়ে বাদ সাধলেন। স্বামীর কাছে আবদার সুরে বললেন, ওগো আর্যপুত্র, ওই সুন্দর হরিণ আমার মন হরণ করেছে। একে ধরে নিয়ে আসুন, এ আমাদের খেলার কাজে লাগবে। আর্য্যপুত্রাভিরামোঽসৌ মৃগো হরতি মে মনঃ। আনয়ৈনং মহাবাহো ক্রীড়ার্থং নো ভবিষ্যতি।। সীতা জানালেন, এই আশ্রমে চমর,সৃমর,পৃষত প্রভৃতি প্রজাতির শুভদর্শন হরিণগুলি ঘুরে বেড়ায়। এ ছাড়াও রূপে শ্রেষ্ঠ মহাবলশালী, ভাল্লুক, বানর, কিন্নররা দলে দলে বিচরণ করে। সীতা কিন্তু তেজে, সামর্থ্যে, ঔজ্জ্বল্যে এমন শ্রেষ্ঠ হরিণ আগে কখনও দেখেননি। নানা বর্ণে বিচিত্র তার দেহ,রত্নতুল্য হরিণটি,চাঁদের মতো সমস্ত বনভূমি উজ্জ্বল করে শোভা বিস্তার করেছে।উৎফুল্ল সীতা উচ্ছ্বাস প্রকাশ করলেন,আহা লক্ষ্মীমন্ত হরিণের কি রূপ,কত সুমধুর তার গলার স্বর,অদ্ভুত বিচিত্রাকৃতি হরিণটি আমার মন হরণ করেছে যে। অহো রূপমহো লক্ষ্মীঃ স্বরসম্পচ্চ শোভনা। মৃগোঽদ্ভুতো বিচিত্রাঙ্গো হুদয়ং হরতীব মে।।

সীতার হরিণ নিয়ে নানা পরিকল্পনা। রাম যদি হরিণটিকে জীবিত ধরতে পারেন, তবে সে বড় আশ্চর্যজনক বিস্ময়কর কাজ হবে। বনবাসশেষে যখন তাঁরা রাজ্যে ফিরে যাবেন, তখন এই হরিণ হবে অন্তঃপুরের শোভা। আর্যপুত্র ভরত এবং শাশুড়ী মায়েদের বিস্মিত করবে এই হরিণের দিব্য রূপ। আর যদি হরিণটি জীবিত না থাকে তবে তার চামড়া হবে একটি সুন্দর (পরিধেয়) অজিন। সীতার কল্পনামিশ্রিত নানা উদ্ভাবনী চিন্তা—নিহত হরিণের সোনার চামড়া কুশাসনের ওপরে বিছিয়ে রাম যখন বসবেন, তাঁর পাশে বসবেন সীতা, এটাই সীতার ইচ্ছা। বৈদেহীর মনে হল, তাঁর নিজের এই ইচ্ছা সঠিক নয়। তিনি যেন নিজেকে ধিক্কার দিলেন, স্ত্রীলোকের এমন ঔদ্ধত্যপূর্ণ স্বেচ্ছাচারিতা অসঙ্গত বলে মনে করা হয়। তবুও হরিণের শরীরের প্রতি আমার বিস্ময়কর আকর্ষণ। কারণ, তার ওই সোনার বরণ রোমগুলি, উত্তম মণিময় শিঙ্, তরুণ সূর্যের মতো বর্ণ, নক্ষত্রপুঞ্জের পথরেখার দীপ্তি। কামবৃত্তমিদং রৌদ্রং স্ত্রীণামসদৃশং মতম্। বপুষা ত্বস্য সত্ত্বস্য বিস্ময়ো জনিতো মম।। তেন কাঞ্চনরোম্না তু মণিপ্রবরশৃঙ্গিণা। তরুণাদিত্যবর্ণেন নক্ষত্রপথবর্চ্চসা।।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৫ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/৩

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

সীতার কথা শুনে এবং হরিণের অদ্ভুত রূপ দেখে রামের মনেও বিস্ময় — সেই রূপে লুব্ধ হলেন রাম। সঙ্গে ছিল সীতার উৎসাহশক্তি। রাম, সহর্ষে লক্ষ্মণভাইকে বললেন, দেখ লক্ষ্মণ, সীতার এই উচ্ছ্বসিত কামনার বহরটি দেখ। অনন্যরূপের অধিকারী এই হরিণটি আর থাকবে না। পশ্য লক্ষ্মণ বৈদেহ্যাঃ স্পৃহামুল্লসিতামিমাম্। রূপশ্রেষ্ঠতয়া হ্যেষ মৃগোঽদ্য ন ভবিষ্যতি।। হরিণের সৌন্দর্যে আপ্লুত রাম, লক্ষ্মণকে বললেন, (স্বর্গের) নন্দনবনে বা (কুবেরের) চৈত্ররথবনে, এমন কি পৃথিবীর কোথাও এর মতো হরিণ নেই। সোনার বিন্দুতে চিত্রিত হরিণের আকর্ষণীয় রোমগুলি অনুলোম (সোজা) এবং বিলোম (উল্টো) দু’ ভাবেই সুন্দর দেখাচ্ছে। লক্ষ্মণের দৃষ্টি আকর্ষণ করলেন রাম। হরিণটি যখন জৃম্ভণ (হাই তুলছে) করছে, আগুনের প্রদীপ্তশিখার মতো এর জিহ্বা, মুখ থেকে বেরিয়ে এসেছে ঠিক মেঘনিঃসৃত বিদ্যুতের মতো। রামচন্দ্র হরিণের সৌন্দর্য পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন, হরিণের মুখটি যেন ইন্দ্রনীল মণিময় পানপাত্র, উদর যেন শঙ্খ ও মুক্তার বর্ণ,এমন হরিণ কার মনোলোভা নয়? সোনার দীপ্তিময়, বহুরত্নমণ্ডিত, হরিণটি দেখে কার না বিস্ময় জন্মায়? ধনুর্দ্ধারী রাজারা বনে মৃগয়ায় গিয়ে মাংসের জন্যে হরিণগুলি বধ করেন। মহারণ্যে তাঁরা সযত্নে মণি,রতন, সোনা প্রভৃতি বিবিধ ধন সঞ্চয় করে থাকেন। সারকথা হল, সার্বিক ধনবৃদ্ধি ।শুক্রনীতিসার অনুযায়ী, মানুষের মনের চিন্তা এমনই হয়ে থাকে। অর্থের যাচক ব্যক্তি যে উদ্দেশ্যসাধনের জন্যে অবিচারে কাজ করেন, অর্থশাস্ত্রবিদেরা সেই উদ্দেশ্যকেই অর্থ বলে থাকেন। রাম তাঁর উদ্দেশ্যর কথা ঘোষণা করে বললেন, সুতন্বী বৈদেহী এই রত্নতুল্য হরিণের সোনারবরণ চামড়ার একটি অংশে স্বামী রামের সঙ্গে বসতে চেয়েছেন।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

রাম মনে করেন, কদলমৃগের (দীর্ঘাকৃতি কোমলরোমবিশিষ্ট হরিণ, যারঊর্দ্ধাংশ নীলবর্ণ, নিম্নাংশ সোনার বরণ) চামড়া নয়, নয় প্রিয়কমৃগের চামড়া (উঁচু, কোমল, ঘনলোমযুক্ত হরিণ), প্রবেণ নামের ছাগলেরও নয় (লম্বারোমযুক্ত পার্বত্য মেষ), এমন কি মেষের চামড়াও নয় — কোথাও এর সমান স্পর্শসুখ অনুভব করা যায় না। এই হরিণ সুশ্রী,আকাশে বিচরণরত অলৌকিক নক্ষত্রও (মৃগশিরা নক্ষত্র) সুন্দর। ওই তারামৃগ এবং পার্থিব এই হরিণ দুটিই দিব্য। রাম বললেন, লক্ষ্মণের অনুমান-অনুযায়ী এই হরিণ যদি রাক্ষসের মায়সৃষ্ট হরিণ হয় তবে একে বধ করা রামের কর্ত্তব্য। মায়ৈষা রাক্ষসস্যেতি কর্ত্তব্যোঽস্য বধো ময়া। রাম মারীচকে চিনতে পারলেন। রাম মারীচের স্মৃতিচারণ করলেন, নৃশংস, অসংযত, অরণ্যে বিচরণরত, মারীচ, আগে বহু ঋষিবরের প্রতি হিংস্র আচরণ করেছে। মহাধনুর্দ্ধর বহু রাজা মৃগয়ায় এসে এর হাতে নিহত হয়েছে, তাই একে বধ করা আমার কর্ত্তব্য। মারীচের কঠিন ভবিতব্যবিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে, রাম একটি পৌরাণিক কাহিনির অবতারণা করলেন।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস, পর্ব-১৬২: হার্ড ড্রাইভ হত্যারহস্য

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

অতীতে রাক্ষস বাতাপি, তপস্বীদের অত্যাচার করে, (ভোজ্য হয়ে) ব্রাহ্মণদের উদরে প্রবেশ করে অশ্বতরীর মতো তাঁদের হত্যা করত। (প্রবাদ আছে,অন্তঃসত্ত্বা অশ্বতরী অর্থাৎ স্ত্রী খর্চ্চর নিজের গর্ভ বিদীর্ণ করে মৃত্যুবরণ করে)। কোনও এক সময়ে বাতাপি, মহামুনি তেজস্বী অগস্ত্যর কাছে উপস্থিত হয়ে তাঁর ভোজ্যে পরিণত হল। মুনিশ্রেষ্ঠ (আহার) শেষে উঠতে উদ্যত হলেন। তখন স্বরূপ ধারণ করতে ইচ্ছুক (উদর বিদীর্ণ করে), বাতাপিকে, ভগবান অগস্ত্য হেসে বললেন, ত্বয়াবিগণ্য বাতাপে পরিভূতাশ্চ তেজসা। জীবলোকে দ্বিজশ্রেষ্ঠাস্তস্মাদসি জরাং গতঃ।। ওহে বাতাপি, তুমি বিবেচনা না করে, জীবলোকে নিজের তেজোবলে বহু শ্রেষ্ঠ ব্রাহ্মণদের ধ্বংস করেছ। সেই জন্যেই তুমি জীর্ণ হলে (হজম হয়ে গেলে)। রাম জানেন, তিনি সর্বদা ধর্মে নিরত, তিনি জিতেন্দ্রিয়। রামের মতো ব্যক্তিত্বকে যে অতিক্রম করতে চায়, বাতাপির মতো সেই রাক্ষসের একই দশা হবে। রাম যেন মারীচের ভবিতব্য ঘোষণা করে লক্ষ্মণকে নির্দেশ দিলেন, ভবেৎ ততোঽয়ং বাতাপিরগস্ত্যেনেব মা গতঃ। ইহ ত্বং ভব সন্নদ্ধো যন্ত্রিত রক্ষ মৈথিলীম্।। তাহলে অগস্ত্য বাতাপির যে অবস্থা করেছিলেন আমার হাতে এই হরিণের (মারীচের) এক গতি হবে। তুমি সশস্ত্র হয়ে এখানে উপস্থিত থেকে মৈথিলীকে রক্ষা কর। রঘুনন্দন লক্ষ্মণকে বললেন, সীতার রক্ষা করাই এখন গুরু দায়িত্ব। তিনি হরিণটিকে হয় বধ করবেন, না হয় তাকে ধরে আনবেন। রাম লক্ষ্মণকে বললেন, যাবদ্ গচ্ছামি সৌমিত্রে মৃগমানয়িতুং দ্রুতম্। পশ্য লক্ষ্মণ বৈদেহ্যা মৃগত্বচি গতাং স্পৃহাম্।। হে সুমিত্রানন্দন লক্ষ্মণ, আমি হরিণটিকে আনতে দ্রুত যাচ্ছি, বৈদেহীর হরিণের চামড়ার প্রতি আসক্তি কতটা প্রবল, তুমি তা বুঝে দেখ। রাম ঘোষণা করলেন, চামড়ার প্রাধান্যের কারণে এই হরিণ আজ আর বেঁচে থাকবে না। লক্ষ্মণ যেন সতর্ক থেকে সীতাসহ আশ্রমে অপেক্ষা করেন। ততক্ষণ রাম একটিমাত্র তীরে, চিত্রিত হরিণকে হত্যা করে চামড়া নিয়ে শিগগিরই আসবেন। রাম আদেশ করলেন, সীতার দায়িত্ব শুধু লক্ষ্মণের নয়, তাঁর সঙ্গে সাবধানে উৎকণ্ঠিত হয়ে চারিদিকে প্রদক্ষিণ করবেন, অতি বলশালী, বুদ্ধিমান, পাখি, জটায়ু।

রাক্ষস মারীচ তার ছদ্ম হরিণরূপে সীতার চোখে যৈন মায়াঞ্জন এঁকে দিলেন। বিমোহিত সীতা তাঁর বনবাসজীবনে কঠোর কৃচ্ছ্রসাধন মেনে নিয়েছেন। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য স্বামীর সঙ্গসুখ। এই পর্যন্ত অযোধ্যার রাজকীয় বিলাসবহুল জীবনে তাঁর চাহিদা হয়তো সীমিত ছিল বা একেবারেই ছিল না। কারণ নবদাম্পত্যজীবন এবং পিতৃগৃহে সমাদরের আতিশয্যে হয়তো তাঁর জীবনে প্রার্থিত কিছুই ছিল না। রামের অভিজ্ঞতায় হয়তো এই প্রথম সীতা তাঁর কাছে উপভোগ্য কিছু চেয়েছেন। সীতা চেয়েছেন দুর্লভ সৌন্দর্যের অধিকারী একটি সোনার হরিণ। সীতার কোমল আভিজাত্য, এই আচরণ অসঙ্গত বলে মনে করেছে,বাধা দিয়েছে তাঁকে। স্ত্রীণামসদৃশং মতম্ তাঁর এমন আবদার নারীজনসুলভ নয়, জেনেও তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন বার বার।শুধু সীতা নন,রামের বর্ণনায় হরিণের সৌন্দর্য এক অনন্যমাত্রায় উন্নীত হয়েছে। কিংবা রামের প্রাণপ্রিয়া বৈদেহীর প্রথম একান্ত আবদার তাঁকেও হরিণের প্রতি আকৃষ্ট করেছে। সীতার প্রথম প্রার্থনাপূরণের আনন্দ ও স্বামীত্বের গৌরববোধ হরিণের প্রতি তাঁর আকর্ষণের মূল প্রেরণা হয়েছে হয় তো।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

মারীচের মায়ায় আপ্লুত হয়েছিলেন সীতা সোনার বরণ হরিণের রূপায় চিত্রিত শারীরিক সৌন্দর্য, মণিময় শিঙ্, এই সব তথাকথিত বস্তুতান্ত্রিক মূল্যবান সোনারূপামণিমাণিক্য দেখে তিনি যত না আকৃষ্ট হয়েছেন, তার থেকেও বেশি বিজনবনে এক অসাধারণ রূপবৈচিত্রে অনন্য হরিণের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। এই মুগ্ধতা যেন বনবাসের প্রাত্যহিকতায় ভরা জীবনে কোনও নতুন আবিষ্কারের আনন্দ। সরল মানুষের একঘেয়ে বৈচিত্র্যহীন সাধারণ যাপনচিত্রে কোনও আলোকোজ্জ্বল বর্ণিল আকস্মিক ঘটনা,জনজীবনে ঝড় তোলা কোন চলচ্চিত্র, কোনও মনোমত দলের আকস্মিক বিজয়বার্তার বিচিত্র মনোমুগ্ধকর মিছিল যেমন জনজীবনে আবেগদীপ্ত উচ্ছ্বাসের সৃষ্টি করে তেমনই ছিল সীতার সরল আবেগদীপ্ত অভিব্যক্তি।

লক্ষ্মণ সেই পোড়খাওয়া নাগরিক যিনি অতীতের বিড়ম্বনার কারণ নিয়ে ভাবেন এবং ভবিষ্যতেও অতি সতর্কতার সঙ্গে পা ফেলেন মাটিতে। সময়ের স্রোতে ভেসে যাওয়া কুটোর মতো, তিনি তাৎক্ষণিক আবেগে ভেসে যান না। জীবনাভিজ্ঞতাই তাঁর শিক্ষক। তাঁর অভিজ্ঞ অন্তর্দৃষ্টিতে,মারীচের মায়াময় ছদ্মরূপের ধাতব আবরণ ভেদ করে,রাক্ষসের ছলনাময় রূপ প্রকট হয়। দুঃখের কথা বাস্তববোধের শক্ত মাটিতে দাঁড়িয়ে, সেই রূপ শুধু তিনিই দেখতে সক্ষম হন। মানুষের ভুলেভরা, ছেঁড়াখোড়া জীবনে এমন অনেকে মানুষ আছেন যাঁরা অতীতের তিক্ত অভিজ্ঞতার নিরিখে বর্তমানের সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রেই সেই ধারণা সঠিক প্রমাণিত হয়ে থাকে। এই বিচক্ষণতা ও দূরদর্শিতা জীবনের দান, যা মানুষকে সমৃদ্ধ করে, অনাবশ্যক জটিলতা পরিহার করতে শেখায়। মায়াময় ছলনার দুর্ভেদ্য আবরণ ভেদ করতে পারেন কঠোর বাস্তববাদী অভিজ্ঞ মানুষ। লক্ষ্মণ তাঁদের প্রতিনিধি।
কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

পুরুষোত্তম রাম?তিনি একাধারে কঠোর এবং কোমলে সংমিশ্রিত এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হল ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক বিবেচনা করে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্যে উত্তরণ। নেতা বা নেত্রী যিনি, তিনি সাধারণের হৃদয়াবেগকে অগ্রাহ্য করতে পারেন না। কারণ তিনিও আবেগের অংশীদার হতে পারেন এবং তিনি আবেগের প্রশ্রয়ক্ষণটি জানেন। জীবনরসমাধুরীপান তাঁর প্রাত্যহিক জীবনচর্চার অঙ্গ। তাঁর ভাবি জীবনের নিয়ন্ত্রণ হবে সাধারণের সুখ, দুঃখ, আবেগমথিতজীবন ভাবি রাজা, রাম সেটা জানেন। স্ত্রী সীতার মিনতিভরা আবদাররক্ষায় স্বামীর কোমল প্রীতিভরা মনের উদ্ভাস,আবার সীতার সারল্যের প্রশ্রয়ে মেতে ওঠা বোধ হয় একজন সাধারণ জনপ্রতিনিধিকেই মানায়। তবে সাধারণের মাঝ যিনি অসাধারণ তিনি হলেন রাম। রাম,হরিণটিকে দেখছেন।তাঁর পর্যবেক্ষণে আছে রাজকীয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ। মায়াহরিণের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গবর্ণনায় রামের সুচারু বিশ্লেষণ এবং সেই বর্ণনা চিত্তাকর্ষক এবং বিশ্বাসযোগ্য। মনে হয়, রাম নিশ্চয়ই মারীচের ছদ্মরূপে মোহাবিষ্ট হয়েছেন, যখন তিনি আকাশের মৃগশিরা নক্ষত্র ও অরণ্যভূমিতে বিচিত্র বিভঙ্গে অভ্যস্ত সোনার মৃগের দিব্যরূপকে এক সমান্তরাল রেখায় চিহ্নিত করেছেন। কিন্তু ভাবি অযোধ্যাধিপতির বিচক্ষণতার মাত্রা গভীরতর। রাম, লক্ষ্মণের পরামর্শটি তাঁর রাজোচিত যুক্তিপূর্ণ মনটিতে ঠাঁই দিয়েছেন।হরিণের দিব্যরূপ যদি আরোপিত ছদ্ম-আবরণমাত্র হয়,তাহলে তাঁর করণীয় কী হতে পারে? সেই বিষয়ে মারীচের সৌন্দর্য নস্যাৎ করে তাকে উৎখাত করতে তিনি উদগ্রীব হয়েছেন। অগস্ত্যমুনি ভোজ্যরূপে গ্রহণ করে দানব বাতাপিকে পরিপাক করে তার অস্তিত্ব নিশ্চিহ্ন করেছিলেন। জীবনের উপভোগ্য জিনিস ক্ষতিকারক হলে তার চিহ্ন মুছে দিতে রাম মুনিবর অগস্ত্যর সমকক্ষ হতে সক্ষম। মুনিশ্রেষ্ঠ অগস্ত্যর এই দৃঢ়তা ব্যতিক্রমী এবং অনুসরণযোগ্য। রাম তাঁর সংহাররূপের গভীরতা প্রতিষ্ঠা করতে মহর্ষি অগস্ত্যর দানবদমনের উল্লেখ করেছেন। তেমনই রামের ধ্যানধারণা, দৃঢ়তা, বিচক্ষণতা ভারতীয় যাপনচিত্রে ধারণযোগ্য, তাই আধুনিকযুগেও ভারতীয়মননে ধর্মবোধের প্রতীক, পুরুষোত্তম রাম।—চলবে।
* মহাকাব্যের কথকতা (Epics monologues of a layman): পাঞ্চালী মুখোপাধ্যায় (Panchali Mukhopadhyay) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ, যোগমায়া দেবী কলেজে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content