কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

ত্রিপুরার রাজপরিবারে প্রাসাদ ষড়যন্ত্রের নানা ঘটনা সুদূর অতীতকাল থেকেই চলে আসছিল। এমনকি পঞ্চদশ শতকে মাণিক্য রাজবংশ প্রতিষ্ঠার পর থেকেই সিংহাসন ঘিরে নানা ষড়যন্ত্রের কথা জানা যায়। ত্রিপুরার রাজকাহিনি নির্ভর কাব্যগাথা ‘রাজমালা’ এবং বিভিন্ন মাণিক্য রাজাদের রাজত্বকালীন ইতিহাসে ছড়িয়ে আছে এমন নানা ঘটনার কথা। কিন্তু সিংহাসন ঘিরে অতীত কালের প্রাসাদ ষড়যন্ত্রের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীর কোনও বিবরণ আমাদের জানা নেই, যা কিনা অষ্টাদশ শতকের শুরুতে ঘটে যাওয়া ষড়যন্ত্র আহোম রাজদূতদ্বয়ের বিবরণী সূত্রে জানা যায়। আহোম রাজা রুদ্র সিংহের কূটনৈতিক তৎপরতা সূত্রে যদি দূতদ্বয় সে সময়ে ত্রিপুরা সফরে না আসতেন এবং তাদের সফর বিবরণী লিপিবদ্ধ না করতেন তবে আমরা হয়তো প্রাসাদ ষড়যন্ত্র সহ রাজাকে সিংহাসন থেকে উৎখাতের ঘটনা এমন ভাবে জানতে পারতাম না।

আহোম রাজার দূত যেমন ত্রিপুরায় এসেছিল, তেমনই ত্রিপুরার রাজাও সেদিন আসামে দূত পাঠিয়েছিলেন। আমরা কিন্তু ত্রিপুরার দূতদের এই সফর সূত্রে রুদ্র সিংহ শাসিত সেদিনের আসাম সম্পর্কে কিছুই জানতে পারিনি।প্রথমে ত্রিপুরা থেকে রামেশ্বর ন্যায়ালঙ্কার ভট্টাচার্য ও উদয় নারায়ণ বিশ্বাস নামে দু’জন দূতকে পাঠানো হয়েছিল আহোম রাজার দরবারে। দ্বিতীয় পর্যায়ে পাঠানো হয় অরিভীম নারায়ণকে। কিন্তু ত্রিপুরা থেকে পাঠানো দূতগণ তেমন কিছু লিপিবদ্ধ করে গেছেন বলে আমাদের জানা নেই। দুই রাজ্যের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা সূত্রে আমাদের যেটুকু জানা যায় তার সবটাই আহোম দূতদের সফর বিবরণী সূত্রে।
আহোম দূতদ্বয় সেদিনের ত্রিপুরার যাত্রা পথেরও বর্ণনা করেছেন। সেই বর্ণনায় রয়েছে কাছাড়ের খাসপুর, উদারবন, মখুরা (মথুরা) ও বরাক নদীর কথা।কাছাড়ি রাজা খাসপুরে আহোম দূতদের খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা করেছিলেন। সেদিনের কাছাড়-ত্রিপুরা সীমান্তে রূপিনী নদীর কথা, ত্রিপুরার পার্বত্য এলাকা, স্থানীয় বাসিন্দা, পণ্য সামগ্রীর লভ্যতা ইত্যাদি প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে আহোম রাজদূতের সফর বিবরণীতে। আহোম দূতদ্বয় ‘দেবগাঙ্গ’ ও ‘মনুগাঙ্গ’ নামে দু’টি নদীর কথা উল্লেখ করেছেন, যা কিনা বর্তমান ঊনকোটি জেলার ‘দেও’ ও ‘মণু’ নদী বলে সহজেই ধারণা করা যায়।সেদিনের অনেক নদী নালা জনপদের নাম,পথঘাট ইত্যাদি আজকের দিনে অনেক পাল্টে গিয়েছে। তবু অষ্টাদশ শতকের প্রথম দিকের ত্রিপুরার দুর্গম যাত্রাপথের একটা ধারণা পাওয়া যায় আহোম দূতদ্বয়ের বর্ণনা থেকে।

আহোম রাজা স্বর্গদেব রুদ্র সিংহ সেদিন ত্রিপুরার পাশাপাশি কোচবিহার সহ বাংলার বিভিন্ন অঞ্চলের রাজা ও জমিদারদের কাছেও দূত পাঠিয়েছিলেন। তিনি নিজের সেনাবাহিনীর শক্তি সহ অস্ত্রশস্ত্রের মজুদও বৃদ্ধি করেছিলেন। ত্রিপুরার রাজার কাছে একটি রহস্য পত্র অর্থাৎ গোপন পত্রও আহোম রাজা পাঠিয়েছিলেন। এতে তিনি লিখেছিলেন, “…চতুর্দিকে এই জনরব শোনা যাচ্ছে যে মোগলের বিরুদ্ধ চেষ্টায় বেদের ধর্ম রক্ষা পাচ্ছে না। যদি আপনার এর প্রতিকার করার ইচ্ছা থাকে তবে যেসব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার হৃদ্যতা আছে তাদের সঙ্গে আলোচনা করে যথার্থ সামর্থ্য ও শক্তি সম্পর্কে আমাদের কাছে বিশদ ভাবে লিখে জানাবেন। সব লোকই ঈশ্বরের অধীন। তবু নিজের দেশে অন্যের দ্বারা পরাভূত না হয়ে যাতে রাজত্ব করতে পারি এবং কোনও অবস্থাতেই অন্যের উপর নির্ভর করতে না হয় নিজের সেজন্যে সচেষ্ট থাকা সমুচিত।…”
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা

মোগলদের বিরুদ্ধে জোট বদ্ধ হবার জন্য আহোম রাজার উদ্যোগ শেষপর্যন্ত কতটুকু সাফল্য পেয়েছিল তা অবশ্য ভিন্ন প্রসঙ্গ। তবে ত্রিপুরার সঙ্গে মিত্রতা স্থাপনের সূত্রে দূত প্রেরণের ফলশ্রুতিতে আমাদের পাওনা হয় ত্রিপুরার ইতিহাসের উপকরণ। কাছাড় ও জয়ন্তিয়ার রাজা-সহ অন্যান্য স্থানীয় জনজাতি লোকেরা তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বলে জানা যায়।মোগল বিরোধী অভিযানে সামিল হতে কাছাড়ি রাজা চৌদ্দ হাজার ও জয়ন্তিয়ার রাজা দশ হাজার সৈন্য পাঠান। গুয়াহাটিতে রুদ্র সিংহ সব মিলিয়ে চার লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। কিন্তু শেষপর্যন্ত আর আহোম রাজার মোগল বিরোধী উদ্যোগ সাফল্যের মুখ দেখেনি। অভিযানের আগেই ১৭১৪ সালে গুয়াহাটিতে তাঁর মৃত্যু ঘটে।
আরও পড়ুন:

ঘোচায় কালিমা

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত

আহোম রাজা রুদ্র সিংহ (১৬৯৬-১৭১৪ খ্রিঃ) একজন বীর ও দূরদর্শী নৃপতি ছিলেন। সিংহাসনে বসার পরই তিনি ক’টি বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তৎপরতার সঙ্গে তার মোকাবেলা করে সিংহাসন নিষ্কণ্টক করেন। ১৭০৮ খ্রিস্টাব্দে তিনি কাছাড় ও জয়ন্তিয়া আক্রমণ করে রাজ্য দুটি অধিকার করে তাঁর নিজ আহোম রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে জানার প্রবল আগ্রহ ছিল তাঁর। তিনি ‘বৈরাগী’ নামে এমন এক গোষ্ঠী গঠন করেছিলেন যারা ছদ্মবেশে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির সংবাদ সংগ্রহ করে রাজার কাছে পেশ করতো। রাজা রুদ্র সিংহ তখন তাঁর দেশের উপযোগী সংস্কৃতিকে উদার চিত্তে গ্রহণ করে এর পৃষ্ঠপোষকতা করতেন। তিনি বঙ্গদেশ থেকে শিল্পীদের নিজ রাজ্যে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন। তাঁর রাজত্বকালে আহোম রাজসভায় বাংলা গানও পরিবেশিত হয়েছিল। রুদ্র সিংহ আহোমের বিহু নৃত্যকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। এই রাজাই প্রথম রাজ্যে সপ্তাহ ব্যাপী বিহু উৎসব পালন শুরু করেন। শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতির প্রসারে তাঁর উদ্যোগ আসামের রাজ আমলের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

যাইহোক, মোগলদের বিরুদ্ধে রুদ্র সিংহের উদ্যোগ শেষপর্যন্ত কার্যকরী না হলেও ত্রিপুরার রাজদরবারে তাঁর দূত প্রেরণ এবং সেই দূতদের সফর বিবরণী সূত্রে আমরা মাণিক্য যুগের কিছু চমকপ্রদ তথ্য জানতে পারি। ত্রিপুরায় মাণিক্য রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল পঞ্চদশ শতকে। তারপর থেকেই নানা সময়ে বিভিন্ন রাজার রাজত্বকালে প্রাসাদ ষড়যন্ত্রের কবলে পড়েছে ত্রিপুরার সিংহাসন। ২য় রত্ন মাণিক্যের (১৬৮৫-১৭১২ খ্রিঃ) রাজত্বকালে তা প্রকট হয়ে উঠেছিল। প্রাসাদ ষড়যন্ত্রের ফলে ২য় রত্ন মাণিক্য একাধিকবার সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং সিংহাসন পুনরুদ্ধার করেছিলেন। আর এই সব ঘটনায় রাজপরিবারের সদস্যরা মোগলদের সহায়তা নিয়েছিলেন। শেষপর্যন্ত এই রাজা প্রাসাদ ষড়যন্ত্রের ফলে সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং তাঁকে হত্যা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের মধ্যমণি ছিলেন রাজার বৈমাত্রেয় ভাই ঘনশ্যাম বড়ঠাকুর।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

আহোম রাজদূতদ্বয় সেই সময়কালেই ত্রিপুরা সফরে এসেছিলেন। তাঁদের প্রায় চোখের সামনেই সিংহাসন থেকে রাজাকে উৎখাতের ঘটনা ঘটেছিল, যার নিখুঁত বর্ণনা রয়েছে সফর বিবরণীতে। তবে সম্ভবত সর্বাধিক চমকপ্রদ হচ্ছে রাজদরবারের নানা গোপন তথ্য সংগ্রহে গুপ্তচর নিয়োগ। রাজদরবারের লোকজন, সাজ সরঞ্জাম ইত্যাদির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহে দু’জন গুপ্তচর নিয়োগ করেছিলেন আহোম রাজদূতেরা। তারা লিখেছেন, ‘তারপর ওরা ছদ্মবেশে দরবারে গিয়ে আমরা যে ভাবে বলেছিলাম, এসে সেভাবেই বলল।’

আহোম রাজার কূটনৈতিক তৎপরতা সূত্রে রাজদূতেরা যদি ত্রিপুরায় না আসতেন, তবে অষ্টাদশ শতকের শুরুতে মাণিক্য রাজপরিবারে ঘটে যাওয়া প্রাসাদ ষড়যন্ত্রের সঠিক চিত্রটা আমাদের অজানা থেকে যেত। ত্রিপুরার নদী নালা, পথঘাট, ব্যবসা-বাণিজ্য, বাজার হাট, রাজধানী ও রাজবাড়ির ছবিটাও আমাদের এমন ভাবে দেখা হতো না। —চলবে।
* ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের বাংলা ভাষার পাঠকদের কাছে পান্নালাল রায় এক সুপরিচিত নাম। ১৯৫৪ সালে ত্রিপুরার কৈলাসহরে জন্ম। প্রায় চার দশক যাবত তিনি নিয়মিত লেখালেখি করছেন। আগরতলা ও কলকাতার বিভিন্ন প্রকাশনা থেকে ইতিমধ্যে তার ৪০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস ভিত্তিক তার বিভিন্ন গ্রন্থ মননশীল পাঠকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের বিভিন্ন পত্রপত্রিকায়ও সে-সব উচ্চ প্রশংসিত হয়েছে। রাজন্য ত্রিপুরার ইতিহাস, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের সম্পর্ক, লোকসংস্কৃতি বিষয়ক রচনা, দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জাত ব্যতিক্রমী রচনা আবার কখনও স্থানীয় রাজনৈতিক ইতিহাস ইত্যাদি তাঁর গ্রন্থ সমূহের বিষয়বস্তু। সহজ সরল গদ্যে জটিল বিষয়ের উপস্থাপনই তাঁর কলমের বৈশিষ্ট্য।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content