বছর শেষ হতে আর মাত্র দু’দিন বাকি। এবার পালা নতুন বছরকে স্বাগত জানানোর। তাই ভাবছেন, বছরের শেষে কোথাও না গিয়ে বাড়িতেই পার্টি করলে কেমন হয়? পার্টির কথা মাথায় এলেই প্রথমেই যেটা করতে হয় তা হল নিজের বাড়িতে পরিপাটি করে সাজানো। তাই পরিকল্পনা মত ঘর সাজানোর কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে বড় একটা সমস্যা হল বাড়ির ছোটদের নিয়ে। কারণ বাড়ির বড়রা যদি সারারাত জেগে বা অনেক রাত পর্যন্ত পার্টি করতে চায় তাহলে ছোটরাও তাতে যোগ দিতে চাইবে। এমনকি সারা রাত জেগে থাকার বায়নাও করবে। ভাবছেন কি করে বকাবকি না করে তাদের সহজেই সঠিক সময়ে ঘুম পাড়িয়ে দেওয়া যায়? চিন্তা করবেন না। কয়েকটি সহজ উপায় জেনে রাখলেই রাতভর পার্টি করলেও ছোটদের সামলাতে কোনও সমস্যা হবে না।
পার্টির রাতে ছোটদের সামলানোর কিছু উপায়
● ছোটদের সেলিব্রেশন
বাড়িতে ছোট কিংবা বড় যে কোনও ধরনের পার্টি হলেই ছোটরা মাঝ রাত পর্যন্ত জেগে থাকার বায়না করে। আর অতিরিক্ত রাত জাগার ফলে তাদের শরীরও খারাপ হয়ে যায়। সেই কারণে রাত আটটা-নটার দিকে ছোটদের জন্যই কেক কেটে, বেলুন ফুলিয়ে এমন আয়োজন করুন যাতে ছোটরা মনে করে ওই সময়ই পার্টি চলছে। এর ফলে ওই পার্টিতে তারা খুব মজা করবে এবং স্বভাবতই আনন্দ হই- হট্টগোল করার ফলে তারা ক্লান্ত হয়ে পড়বে। ফলে আর রাত জেগে থাকার বায়না করবে না।
● মজার খেলা
তাছাড়া সৃজনশীল নানান রকম কাজে দায়িত্ব দিতে পারেন ছোটদেরকে।। আগামী বছরের নানান রকম পরিকল্পনা নিয়ে একটি ছোট কার্ডবোর্ড এর বাক্স বানিয়ে তার মধ্যে ছোট ছোট কাগজে লিখতে বলুন। নানান রকম মার্বেল পেপার, আঠা, সাজানোর বিভিন্ন রকমের জিনিস দিয়ে পার্টির জায়গাটি সাজাতে বলুন। এই কাজ দিলে তারা সারাক্ষণ ব্যস্ত থাকবে এবং খুব আনন্দও পাবে।
তাছাড়া ২০২৫ সালে তারা কোন কোন আনন্দ মুহূর্ত কাটিয়েছে, কাদের সঙ্গে কাটিয়েছে, কোথায় কোথায় বেড়াতে গেছে বা আগামী বছরে তাদের কিছু স্বপ্ন আছে কিনা এগুলি নিয়ে ছবি আঁকতে বলুন, কিংবা গল্প লিখতে বলুন। এতে অনেকটা সময় তারা ব্যস্ত থাকবে। পার্টিতে তাদের পছন্দের সিনেমা বা কাটুন চালিয়ে দিন। সঙ্গে রাখুন পপকর্ন, ফলের রস, তাদের প্রিয় স্বাস্থ্যকর কোন খাবার। যা খেলেই সহজেই তাদের পেট ভরবে, মনও ভরবে। তাছাড়া পার্টির মধ্যেই একটি আলাদা জায়গা বার করে তাদের জন্য ঘুমের ব্যবস্থা করে রাখুন। হয়তো কোন কোন সময় তাদের ঘুম পেয়ে যেতে পারে। তখন তারা সেখানে শুয়ে ঘুমিয়ে পড়তে পারবে সহজেই।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com