কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী। ছবি: এআই সহায়তায় তৈরি।

ভারতীয় সংস্কৃত সাহিত্যের ইতিহাসে যে কয়েকজন সাহিত্যিক যুগের সীমানা অতিক্রম করে বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজেদের উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন, তাঁদের মধ্যে কালিদাস অন্যতম। সংস্কৃত ভাষার এই অনন্য কবি ও নাট্যকার শুধু তাঁর যুগের শ্রেষ্ঠ সাহিত্যস্রষ্টাই নন, বরং বিশ্বসাহিত্যের ইতিহাসে এক অনিবার্য নাম। প্রেম, প্রকৃতি, মানবিক অনুভূতি, নৈতিকতা এবং আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয়ে তিনি যে সাহিত্যভুবন নির্মাণ করেছেন, তা আজও পাঠক ও গবেষকদের সমানভাবে মুগ্ধ করে। ভারতীয় পণ্ডিতদের কাছে তিনি যেমন “কবিকুলগুরু”, তেমনি পাশ্চাত্যের অনেক সমালোচকের কাছে তিনি “ভারতের শেক্সপিয়র” নামে পরিচিত।

কালিদাসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই সীমিত। অধিকাংশ গবেষকের মতে, তিনি গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগে, সম্ভবত চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে সাহিতৎ-চর্চা করতেন। ভারতীয় ইতিহাসে এই সময়টি শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন ও গণিতের অসাধারণ বিকাশের যুগ হিসেবে পরিচিত। এই সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশে ভারতীয় সভ্যতা এক অনন্য সাংস্কৃতিক উচ্চতায় পৌঁছয়। এই নবজাগরণের সবচেয়ে উজ্জ্বল সাহিত্যিক মুখ ছিলেন কালিদাস।
তাঁর সাহিত্যকর্মে গুপ্তযুগের অভিজাত সমাজের রুচি ও সৌন্দর্যবোধের প্রতিফলন যেমন রয়েছে, তেমনি রয়েছে মানবজীবনের চিরন্তন সত্যের অনুসন্ধান। কালিদাস কেবল তাঁর সময়ের কথা বলেননি; তিনি এমন এক মানবিক জগত নির্মাণ করেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর চরিত্রগুলো মূলত রামায়ণ, মহাভারত এবং ভারতীয় পুরাণ থেকে নেওয়া হলেও তাদের আবেগ, দ্বন্দ্ব ও আকাঙ্ক্ষা সর্বকালের মানুষেরই প্রতিচ্ছবি।

সংস্কৃত গীতিকাব্যে কালিদাসের অবদান অনন্য। তাঁর ‘ঋতুসংহার’ ভারতীয় ছয় ঋতুর কাব্যিক বর্ণনা। কিন্তু এটি কেবল প্রকৃতির বর্ণনায় সীমাবদ্ধ নয়; প্রতিটি ঋতুর সঙ্গে মানুষের অনুভূতি, প্রেম, প্রত্যাশা ও স্মৃতিকে তিনি এমনভাবে যুক্ত করেছেন যে প্রকৃতি যেন মানুষের অন্তর্জগতেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। অন্যদিকে ‘মেঘদূত’ শুধু সংস্কৃত সাহিত্যের নয়, বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গীতিকাব্য। নির্বাসিত এক যক্ষ তার প্রিয়তমার কাছে নিজের ভালোবাসা ও বেদনার বার্তা পৌঁছে দিতে মেঘকে দূত হিসেবে কল্পনা করে। এই অভিনব কাহিনির মধ্য দিয়ে কালিদাস বিরহ, স্মৃতি, প্রেম এবং আশার এমন এক কাব্যিক রূপ নির্মাণ করেছেন, যা যুগ যুগ ধরে পাঠককে মুগ্ধ করে আসছে।
আরও পড়ুন:

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭৩ : দুমুখো সাপ

কালিদাসের দুটি মহাকাব্য—’কুমারসম্ভব’ এবং ‘রঘুবংশ’—ভারতীয় মহাকাব্যিক ঐতিহ্যের অনন্য নিদর্শন। কুমারসম্ভব’-এ শিব ও পার্বতীর প্রেম, তপস্যা এবং দেবসেনাপতি কার্তিকেয়ের জন্মের কাহিনির মাধ্যমে তিনি ত্যাগ, আত্মসংযম ও ধর্মীয় আদর্শকে গভীর দার্শনিক ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন। অন্যদিকে ‘রঘুবংশ’-এ রঘুকুলের রাজাদের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে। আদর্শ রাজধর্ম, ন্যায়পরায়ণতা, আত্মসংযম এবং নৈতিক নেতৃত্বের গুরুত্ব এই মহাকাব্যের মূল বিষয়। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত রাজা অগ্নিবর্ণের চরিত্রের মাধ্যমে নৈতিক অবক্ষয়ের পরিণতি অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপিত হয়েছে।

যদিও কালিদাস কবি হিসেবে বিশ্ববন্দিত, আজ তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর নাটকের জন্য। তাঁর তিনটি বিখ্যাত নাটক ‘অভিজ্ঞানশকুন্তলম’, ‘মালবিকাগ্নিমিত্রম’ ও ‘বিক্রমোর্বশীয়ম’ বিশ্ব নাট্য সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। এর মধ্যে ‘অভিজ্ঞানশকুন্তলম’ শুধু সংস্কৃত সাহিত্যের নয়, বিশ্বনাট্যসাহিত্যেরও এক অনন্য সৃষ্টি। মহাভারতের একটি সংক্ষিপ্ত উপাখ্যানকে তিনি এমন শিল্পরূপ দিয়েছেন, যা প্রেম, বিচ্ছেদ, বিস্মৃতি, অভিশাপ ও পুনর্মিলনের এক অবিস্মরণীয় নাট্যরসে পরিণত হয়েছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম মানবজীবনের আবেগকে এক চিরন্তন উচ্চতায় পৌঁছে দেয়। ‘মালবিকাগ্নিমিত্রম’-এ রাজপ্রাসাদের প্রেম ও রাজনীতির সূক্ষ্ম মেলবন্ধন দেখা যায়, আর ‘বিক্রমোর্বশীয়ম’-এ মানব ও দেবলোকের প্রেমকাহিনির মাধ্যমে প্রেমের অনিশ্চয়তা ও আকাঙ্ক্ষার নান্দনিক প্রকাশ ঘটেছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

উপন্যাস: পর্ব-৯৬ : আকাশ এখনও মেঘলা

কালিদাসের রচনার সবচেয়ে বড় শক্তি হল তাঁর মানবচরিত্র নির্মাণ। যদিও তাঁর অধিকাংশ কাহিনি রামায়ণ, মহাভারত এবং ভারতীয় পুরাণ থেকে গৃহীত, তবুও তাঁর চরিত্রগুলো কোনো নির্দিষ্ট যুগ বা সমাজের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেম, কর্তব্য, সম্মান, ত্যাগ, বিচ্ছেদ, আশা, অনুতাপ এবং পুনর্মিলনের মতো অনুভূতিগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্যকর্মে একদিকে যেমন আধ্যাত্মিকতার গভীরতা রয়েছে, অন্যদিকে তেমনি রয়েছে মানবপ্রেমের স্বাভাবিক সৌন্দর্য। কাম ও ধর্ম, ইহজাগতিক জীবন ও আধ্যাত্মিক উপলব্ধির এই সুষম সমন্বয়ই কালিদাসকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ‘কুমারসম্ভব’ থেকে ‘অভিজ্ঞানশকুন্তলম’—সবখানেই প্রেম ও আধ্যাত্মিকতার এই যুগলবন্দি তাঁর সাহিত্যকে গভীর দার্শনিক তাৎপর্য দিয়েছে। এই কারণেই তাঁর রচনা কেবল রোমান্টিক সাহিত্য নয়; মানবজীবনের এক গভীর নৈতিক ও নন্দনতাত্ত্বিক অনুসন্ধান।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

কালিদাসের সাহিত্য তাঁর জীবদ্দশাতেই অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে। তাঁর রচনার বহু ভাষ্য রচিত হয় এবং শতাব্দীর পর শতাব্দী ভারতীয় শিক্ষাব্যবস্থায় সেগুলো পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে তাঁর নাটক ইউরোপে অনূদিত হলে পাশ্চাত্যের সাহিত্যজগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জার্মান কবি গ্যেটে ‘অভিজ্ঞানশকুন্তলম’-এর উচ্চসিত প্রশংসা করেন। গ্যেটে তাঁর মন্তব্যে বলেছিলেন, “শকুন্তলায় এমন সব সৌন্দর্যের সমাবেশ ঘটেছে, যা মানুষের আত্মাকে আন্দোলিত করে”। প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স কালিদাসকে “ভারতের শেক্সপিয়র” বলে অভিহিত করেন। যদিও দুই সাহিত্যিকের সাহিত্যরীতি ভিন্ন, তবু মানবিক আবেগের গভীরতা ও শিল্পসৌন্দর্যের বিচারে তাঁদের তুলনা আজও আলোচিত।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২

কালিদাস এমন এক সাহিত্যিক, যিনি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সাহিত্য আমাদের শেখায়—প্রকৃত শিল্প কখনো সময়ের গণ্ডিতে আবদ্ধ থাকে না। মানবপ্রেম, প্রকৃতির সৌন্দর্য, নৈতিকতা, আত্মসংযম এবং আধ্যাত্মিকতার যে চিরন্তন বার্তা তিনি তাঁর কবিতা ও নাটকে রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

সহস্রাধিক বছর পরও যখন ‘মেঘদূত’-এর বিরহ, ‘অভিজ্ঞানশকুন্তলম’-এর প্রেম কিংবা ‘কুমারসম্ভব’-এর তপস্যা পাঠকের হৃদয়কে স্পর্শ করে, তখন স্পষ্ট হয়ে ওঠে—কালিদাস কেবল সংস্কৃত সাহিত্যের নন, তিনি বিশ্বসাহিত্যের এক চিরন্তন মহাকবি, যার সাহিত্যকীর্তি মানবসভ্যতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য।
* লেখক একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও দর্শনশাস্ত্রের অধ্যাপক। রবীন্দ্র দর্শনে তাঁর পিএইচডি। তাঁর রচিত দুটি ইংরেজি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং একটি গ্রন্থ সম্পাদনা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে বাংলা ও ইংরেজিতে তাঁর বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি, বিভিন্ন পত্রপত্রিকায় সমকালীন সামাজিক, নৈতিক ও দার্শনিক বিষয়ে নিয়মিত প্রবন্ধ লেখেন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content