মঙ্গলবার ৯ জুন, ২০২৬


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

প্রেম দিবসেই নতুন সিজন নিয়ে হাজির হবে জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’। মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে লড়াইয়ের গল্প জানা যায় এই শো-এর মাধ্যমেই। আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই আসছে দিদি নম্বর ১-এর সিজন ৯। দিদি নম্বর ১-এর এই সিজন যে নতুন ভাবে নতুন রূপে দর্শকের দরবারে আসতে চলেছে, একথা আগাম জানানো হল চ্যানেলের পক্ষ থেকে। দিদি নম্বর ১ সিজন ৯-এর ট্যাগলাইন হল ‘নতুন রূপে, নতুন সাজে’। এবার দিদি নম্বর ১ এমন একটা সিজন নিয়ে আসছে, যা দর্শক আগে কখনও দেখেনি। একেবারে নতুন ফরম্যাটে তৈরি হয়েছে দিদি নম্বর ১-এর এই নতুন সিজন। এই সিজনেও অংশগ্রহণকারী দিদিরা আসবে তাঁদের জীবনযুদ্ধের গল্প শোনাতে আর জিতে যাবেন নানারকমের উপহার। এছাড়াও, দিদি নম্বর ১-এর এই নতুন সিজনে আপনাদের জন্য থাকছে এরকম অনেক চমক। কীভাবে মহিলারা একে অপরের পাশে দাঁড়ায় এবং হাতে হাত রেখে কীভাবে তাঁরা জীবনে এগিয়ে যায়। সেইসব জানার জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বিকেল ৫টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এক হাজার পর্ব সম্পূর্ণ করেছে দিদি নম্বর ১-এর সিজন ৮। এই শোয়ে সঞ্চালনার দায়িত্বে প্রথম থেকই রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে কিছুটা সময় দিদি নম্বর ১ থেকে বিরতি নিলেও পরে অভিনেত্রীর কাঁধে এই শো সঞ্চালন করার দায়িত্ব পড়ে। সেই থেকে নিষ্ঠার সঙ্গে দিদি নম্বর ১-এর সঞ্চলনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই শোয়ে অংশগ্রহণকারী দিদিদের জীবনযুদ্ধের গল্প শুনে কখনও কেঁদেছেন, আবার কখনও হেসেছেন। বিগত কয়েক বছরে দিদি নম্বর ১-এ অংশ নেওয়া সেইসব লড়াকু দিদিদের কাছের মানুষ হয়ে উঠেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত-র সঙ্গে অভিনয় করেন তিনি। শুধু তাই নয়, ‘সূর্যবংশম’ ছবিতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই শো-এর মাধ্যমেই অভিনেত্রী থেকে এখন সকলের দিদি হয়ে উঠেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই আসছে দিদি নম্বর ১-এর সিজন ৯। এই সিজনেও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। এবার নতুন রূপে নতুন সাজে এই শোকে আপনাদের সামনে নিয়ে আসবেন অভিনেত্রী।

Skip to content