
ছবি : প্রতীকী। এ আই নির্মিত ছবি।
যুধিষ্ঠির আয়োজিত রাজসূয়যজ্ঞে আমন্ত্রিত জ্ঞাতিবর্গের মধ্যে অন্যতম ছিলেন দুর্যোধন। তাঁর সঙ্গী মাতুল শকুনি।দুর্যোধন সভায় বসে, ধীরে ধীরে সার্বিকভাবে সভাগৃহটি দেখলেন। তিনি তো হস্তিনাপুরে এ যাবৎ এমন বিচিত্র নানা দিব্য আয়োজন দেখেননি। দুর্যোধনের দুর্বুদ্ধি তিনি স্ফটিকে নির্মিত স্থলভাগকে জলভ্রমে নিজের পরিধেয় বস্ত্র টেনে তুললেন ওপরে। পরে (নিজের ভুল বুঝতে পেরে) তিনি, বিষণ্ন মনে বিরসবদনে সভার মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। এই অবস্থায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে, বেদনাহত এবং লজ্জিত হলেন দুর্যোধন। তার পরে স্ফটিকে নির্মিত এবং স্ফটিকের পদ্মে শোভিত, জলাশয়টিকে, স্থলভূমি মনে করে, পরিধেয়বস্ত্রসহ জলে পড়ে গেলেন। সেই দৃশ্য দেখে সেবক ভৃত্যরা ভীষণভাবে হেসে উঠল। রাজা যুধিষ্ঠিরের আদেশে তাকে দেওয়া হল সুন্দর বসন। দুর্যোধনকে সেই অবস্থায় (বস্ত্র পরিবর্তনরত) দেখে, তখন সেখানে উপস্থিত ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব সকলে সজোরে হেসে উঠলেন। তখন কুটিল দুর্যোধন তাঁদর উপহাস সহ্য করতে পারলেন না (মনে মনে ক্রুদ্ধ হলেন)। তবুও প্রতিক্রিয়া গোপন করে, তাঁদের সামনে নিজেকে ভাবলেশহীন দেখাতে লাগলেন। দুর্যোধন আবারও (হাঁটুপর্যন্ত) কাপড় তুলে যেন সেই ভুলক্রমে দেখা জল অতিক্রম করলেন। সমবেত জনমণ্ডলী আবার তাঁকে দেখে হাসলেন। তিনি স্ফটিকে আবৃত থামটিকে দেখে দরজা মনে করে, প্রবেশের সময়ে মাথায় আঘাত পেয়ে ঘুরে পড়তে লাগলেন।
দুর্যোধন হাত দুটি দিয়ে স্ফটিকনির্মিতের মতো প্রতীয়মান বিশাল কপাটটিকে সজোরে ধাক্কা দিয়ে বেগে সামনে ঝুঁকে পড়ে গেলেন। তিনি আবার একটি উন্মুক্ত দরজা পেলেন। তিনি, সদ্য ঘটে যাওয়া ঘটনার স্মৃতি মনে করে, সেই দরজা থেকে (আবার আঘাতের ভয়ে) ফিরে গেলেন। রাজা দুর্যোধন এমন নানা ছলনায় (নির্মাণকৌশলগত ভ্রমে) বিপর্যস্ত হয়ে এবং রাজসূয় মহাযজ্ঞে পাণ্ডবদের সেই অদ্ভুত সমৃদ্ধি দেখে, অসন্তুষ্ট মনে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে হস্তিনানগরে ফিরে গেলেন। পাণ্ডবদের সমৃদ্ধি খতিয়ে দেখে উত্তেজিত হলেন দুর্যোধন। রাজা দুর্যোধনের মনে নানা পাপময় দুর্বুদ্ধির উদয় হল। পাণ্ডবরা খুশিমনে আছেন, রাজারা তাঁদের অনুগত, আবালবৃদ্ধ সকলে তাঁদের কল্যাণকামী, মহান পাণ্ডবদের অপার মহিমা দেখে ধৃতরাষ্ট্রপুত্রের মুখ বিষাদমলিন হয়ে উঠল। অস্থির মনে তিনি বুদ্ধিমান ধর্মরাজ যুধিষ্ঠিরের সভা এবং অতুল সম্পদের কথা ভেবে যাচ্ছিলেন। একাগ্রমনে সেই একই বিষয়ে চিন্তাকুল হয়ে থাকায়, সুবলপুত্র শকুনি বার বার কথা বলা সত্ত্বেও ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন কোনও কথা বললেন না। তাঁকে অন্যমনস্ক অস্থির দেখে শকুনি প্রশ্ন করলেন, ওহে দুর্যোধন, কি কারণে একনিঃশ্বাসে চলেছ? দুর্যোধন! কুতোমূলং নিশ্বসন্নিব গচ্ছসি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা : পর্ব-১৮২: আধুনিক যুগে মায়াবী রাক্ষস মারীচের প্রাসঙ্গিকতা

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
দুর্যোধন বললেন, ওগো মাতুল, মহান অর্জুনের অস্ত্রপ্রভাবে সমগ্র পৃথিবী যুধিষ্ঠিরের বশীভূত হয়েছে এবং সেইভাবে দেবতাদের মধ্যমণি দেবরাজ ইন্দ্র যেমন, তেমনই মহাপ্রোজ্জ্বল পৃথাপুত্র যুধিষ্ঠিরের যজ্ঞও সম্পন্ন হয়েছে। এই সব দেখে, কুটিল ঈর্ষার আগুনে জ্বলে, আমি, জ্যৈষ্ঠেমাসে গ্রীষ্মকালীন অল্পজলের মতো শুকিয়ে যাচ্ছি। দৃষ্ট্বেমাং পৃথিবীং কৃৎস্নাং যুধিষ্ঠিরবশে স্থিতাম্। জিতামস্ত্রপ্রভাবেন শ্বেতাশ্বস্য মহাত্মনঃ।। তঞ্চ যজ্ঞং তথাভূতং দৃষ্ট্বা পার্থস্য মাতুল!। যথা শক্রস্য দেবেষু তথা ভূতং মহাদ্যুতেঃ।। অমর্ষেণ তু সম্পন্নো দহ্যমানো দিবানিশম্। শুচিশুক্রাগমে কালে শুষ্যে তোয়মিবাল্পকম্।। দুর্যোধন বলে চললেন, কৃষ্ণ, শিশুপালকে হত্যা করলেন, সেখানে কিন্তু বাধা দেবার মতো কোনও পুরুষ ছিলেন না। পাণ্ডবদের প্রতাপের আগুনে দগ্ধ হয়ে রাজারা কৃষ্ণের অপরাধ ক্ষমা করলেন। তা না হলে কেই বা কৃষ্ণকে ক্ষমা করতে পারেন?
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়
মহান পাণ্ডবদের প্রভাবে, বাসুদেব সেই অসঙ্গত মহৎ কাজে সাফল্য লাভ করলেন। করদাতা বৈশ্যদের মতো রাজারা বিবিধ রত্ন-সহ যুধিষ্ঠিরের অর্চনা করছেন। দুর্যোধন, মাতুলকে জানালেন, পাণ্ডবদের সেই উজ্জ্বল সমৃদ্ধি দেখে, তিনি ঈর্ষায় জ্বলছেন। তিনি কিন্তু সেটার (দহনজ্বালার) যোগ্য নন। দুর্যোধন যেন আগুনে দগ্ধ হতে হতে নিজের ভবিতব্য নিশ্চিত করে আবারও গান্ধাররাজকে বললেন, ও গো মাতুল, আমি বরং আগুনে প্রবেশ করব বা বিষ খাব কিংবা জলে ডুবে মরব, এই বেঁচে থাকা আর সহ্য হয় না আমার। বহ্নিমেব প্রবেক্ষ্যামি ভক্ষয়িষ্যামি বা বিষম্। অপো বাপি প্রবেক্ষ্যামি ন হি শক্ষ্যামি জীবিতুম্।। পৃথিবীতে এমন কোন্ বলশালী মানুষ আছেন যিনি শত্রুদের ক্রমোন্নতি দেখে নিজের হীনতা সহ্য করতে পারবেন? যেমন এক স্ত্রী সতীনের সমৃদ্ধি সহ্য করে না তেমনই নিজেকে দোষারোপ করলেন দুর্যোধন, আমি আজ পাণ্ডবদের তেমন উন্নতি সহ্য করছি, আমি নারী নই, নই কোন নপুংসক, আমি পুরুষত্বহীন পুরুষ নই, নই আমি মানুষের থেকেও অধম কোন প্রাণীও। সোঽহং ন স্ত্রী ন চাপ্যস্ত্রী ন পুমান্ নাপুমানপি। যোঽহং তাং মর্ষয়াম্যদ্য তাদৃশীং শ্রিয়মাগতাম্।।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
পৃথিবীর প্রভুত্ব,তেমন অর্থসম্পদ এবং সেই রকম যজ্ঞ দেখে, আমার মতো কে আছেন যিনি (ঈর্ষায়) উত্তাপে জর্জরিত হন না? দুর্যোধন একাকী এবং অসহায় বোধ করলেন, আমি একা সেই রাজ্যলক্ষ্মীকে অপহরণ করতে অক্ষম।দেখছি,আমার কোন সাহায্যকারীও নেই, সেই হেতু মৃত্যুর কথা চিন্তা করছি। অশক্তশ্চৈক এবাহং তামাহর্ত্তুং নৃপশ্রিয়ম্। সহায়াংশ্চ ন পশ্যামি তেন মৃত্যুং বিচিন্তয়ে।। কুন্তীপুত্র যুধিষ্ঠিরের নিষ্কলুষ শুভ্র ও শ্রেষ্ঠ সমৃদ্ধি দেখে,দুর্যোধনের মনে হয়, নিয়তিই শ্রেষ্ঠ, পৌরুষ অর্থহীন। দুর্যোধন, সুবলপুত্রকে জানালেন, পাণ্ডবগণের বিনাশের জন্য, অতীতে দুর্যোধনের তৎপরতাগুলি ব্যর্থ করে, পাণ্ডবরা, জলে পদ্মের মতো বড় হয়ে উঠেছে। তাই দুর্যোধনের উপলব্ধি — দৈবই প্রধান, পৌরুষ নিরর্থক। ধৃতরাষ্ট্রপুত্ররা অধঃপতিত হচ্ছেন এবং পাণ্ডবদের উন্নতি হয়েই চলেছে। তেন দৈবং পরং মন্যে পৌরুষঞ্চ নিরর্থকম্। ধার্তরাষ্ট্রা হি হীয়ন্তে বর্দ্ধন্তে চাপি পাণ্ডবাঃ।। সেই সম্পদ,সেই সভা এবং রক্ষিপুরুষদের সেই উপহাস দেখে দুর্যোধন যেন আগুনে জ্বলছেন। দুর্যোধন অবশেষে মাতুলকে জানালেন, আমি আজ অত্যন্ত বিষণ্ণ। আমাকে মরণে সম্মতি দিন। পিতাকে জানাবেন, অসহিষ্ণুতায় ডুবে রয়েছি আমি। স মামভ্যনুজানীহি মাতুলাদ্য সুদুঃখিতম্। অমর্ষঞ্চ সমাবিষ্টং ধৃতরাষ্ট্রে নিবদয়।।
আরও পড়ুন:

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
দুর্যোধনের ভ্রম মনে হয় আশ্চর্য বিভ্রমে ভরা মানবজীবনের নানা দিগ্দর্শন। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের বৈভব, এক সমৃদ্ধির চূড়ান্ত অবস্থার প্রতীক। এই বৈভবে লুকিয়ে থাকে ধরাছোঁয়ার বাইরের এক স্বপ্নিল জীবনের হাতছানি। সেই সমৃদ্ধি দেখে, দুর্যোধনের আক্ষেপের অন্ত ছিল না। চিরপ্রতিদ্বন্দ্বীদের ধনসমৃদ্ধি দেখে বিভ্রান্ত দুর্যোধন প্রবল ঈর্ষা অনুভব করেছেন। আমরা জীবনের অধরা মাধুরী স্পর্শ করে কখনও বিভ্রান্ত হই। কখনও বা মনে মনে ভুলক্রমে বাস্তবের কঠিন মাটিতে আমাদের অতি সতর্কপদক্ষেপ, একটি প্রহসনে পরিণত হয়। অধঃপতনের শেষ হয় যখন এই প্রহসন একটি মধ্যবিত্ত ভণ্ডামিতে পরিণত হয়ে সকলের পরিহাসময় হাস্যরসের যোগান দেয়। জলভ্রমে সন্তর্পণে বাস্তবের মাটিকে কাঁচ ভেবে দুর্যোধনের বিভ্রম, সেই রকম একটি বিভ্রম, যা অমূলক সতর্কতার প্রতীক। আবার সেই সতর্কতার ফলশ্রুতি হল কাঁচের চাকচিক্যময় কৃত্রিম পদ্মময় জলাধারে অসতর্কপদক্ষেপের ফলে মনোহর জীবনের বৈভবে হাবুডুবু খেয়ে নাকাল হওয়া। বাইরের আবরণ ভিজে নগ্নসত্তা প্রকট হয়। এই সব ঘটনা জীবনের নগ্ন সত্য প্রকাশ করে মাত্র।
দুর্যোধন ছোট থেকেই রূঢ় বাস্তবের মাটিতে পা রেখে হাঁটেননি। যে রাজ্যপাট তাঁর প্রাপ্য নয় সেটাই তিনি জোরজবরদস্তি করে দখল করতে চেয়েছেন। পাণ্ডবদের প্রাচুর্যভরা জীবন তাঁর চোখে বিভ্রম সৃষ্টি করেছে।জলাধারের স্ফটিকস্বচ্ছজলে তিনি স্ফটিকভ্রমে পা রেখেছেন। বাস্তবে স্বচ্ছজলে দুর্যোধনের পরিধেয় ভিজেছে। ফলে তাঁর নগ্ন সত্তা আরও প্রকট হয়েছে। পাণ্ডবদের ঐশ্বর্যের বৈভব দুর্যোধনকে লজ্জিত করেছে। তিনি হীনমন্যতায় আক্রান্ত হয়েছেন। দুর্যোধন বিভ্রমবশত স্ফটিকস্তম্ভটিকে মনে করেন, শক্ত ধাতব দরজা। সেটার সজোর ধাক্কায় মাথায় আঘাত পেয়ে সত্যিকারের দরজাটিকে স্ফটিকের দরজা মনে করে ফিরে যান তিনি। এই উন্নতমানের নির্মাণকৌশলের চাতুর্যে পাণ্ডবদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দুর্যোধন। স্থপতি ময়দানব পাণ্ডবদের সহায়ক। যে কোনও উন্নতমানের প্রযুক্তিগত কৌশল অগ্রগতির সূচক। এছাড়াও আছে পাণ্ডবদের অপরিসীম যশোবিস্তার।
পরিতৃপ্ত পাণ্ডবদের সুখী মন, অন্যান্য রাজাদের আনুগত্যলাভ, সমস্ত মানুষ পাণ্ডবদের হিতৈষী,তাঁদের মহিমান্বিত জীবন, এই সব কিছু দুর্যোধনের মনে আলোড়ন সৃষ্টি করেছে। যেটি একটি বিধ্বংসী ঝড়ের সূচনা করেছে। কল্পিত কাঁচের সুরলোকে বাস করি আমরা অহংকার সর্বস্ব মানুষ। সত্যিকার স্বচ্ছতার সংস্পর্শে এসে বিভ্রান্ত হয় অহংকার, নগ্ন হয় সত্যস্বরূপ।চরম ধাক্কা খেয়ে খান খান হয়ে ভেঙ্গে পড়ে অহংবোধ,অস্মিতায় পরিপূর্ণ সত্তা, স্খলিত হয় দুষ্টবুদ্ধির সুদৃঢ় ভিতখানি। তখন হিতাহিতজ্ঞানশূন্য হয়ে প্রলাপ বকে যায় মানুষের দাম্ভিকতা, ওই দুর্যোধনের মতো।—চলবে।
দুর্যোধন ছোট থেকেই রূঢ় বাস্তবের মাটিতে পা রেখে হাঁটেননি। যে রাজ্যপাট তাঁর প্রাপ্য নয় সেটাই তিনি জোরজবরদস্তি করে দখল করতে চেয়েছেন। পাণ্ডবদের প্রাচুর্যভরা জীবন তাঁর চোখে বিভ্রম সৃষ্টি করেছে।জলাধারের স্ফটিকস্বচ্ছজলে তিনি স্ফটিকভ্রমে পা রেখেছেন। বাস্তবে স্বচ্ছজলে দুর্যোধনের পরিধেয় ভিজেছে। ফলে তাঁর নগ্ন সত্তা আরও প্রকট হয়েছে। পাণ্ডবদের ঐশ্বর্যের বৈভব দুর্যোধনকে লজ্জিত করেছে। তিনি হীনমন্যতায় আক্রান্ত হয়েছেন। দুর্যোধন বিভ্রমবশত স্ফটিকস্তম্ভটিকে মনে করেন, শক্ত ধাতব দরজা। সেটার সজোর ধাক্কায় মাথায় আঘাত পেয়ে সত্যিকারের দরজাটিকে স্ফটিকের দরজা মনে করে ফিরে যান তিনি। এই উন্নতমানের নির্মাণকৌশলের চাতুর্যে পাণ্ডবদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দুর্যোধন। স্থপতি ময়দানব পাণ্ডবদের সহায়ক। যে কোনও উন্নতমানের প্রযুক্তিগত কৌশল অগ্রগতির সূচক। এছাড়াও আছে পাণ্ডবদের অপরিসীম যশোবিস্তার।
পরিতৃপ্ত পাণ্ডবদের সুখী মন, অন্যান্য রাজাদের আনুগত্যলাভ, সমস্ত মানুষ পাণ্ডবদের হিতৈষী,তাঁদের মহিমান্বিত জীবন, এই সব কিছু দুর্যোধনের মনে আলোড়ন সৃষ্টি করেছে। যেটি একটি বিধ্বংসী ঝড়ের সূচনা করেছে। কল্পিত কাঁচের সুরলোকে বাস করি আমরা অহংকার সর্বস্ব মানুষ। সত্যিকার স্বচ্ছতার সংস্পর্শে এসে বিভ্রান্ত হয় অহংকার, নগ্ন হয় সত্যস্বরূপ।চরম ধাক্কা খেয়ে খান খান হয়ে ভেঙ্গে পড়ে অহংবোধ,অস্মিতায় পরিপূর্ণ সত্তা, স্খলিত হয় দুষ্টবুদ্ধির সুদৃঢ় ভিতখানি। তখন হিতাহিতজ্ঞানশূন্য হয়ে প্রলাপ বকে যায় মানুষের দাম্ভিকতা, ওই দুর্যোধনের মতো।—চলবে।
* মহাকাব্যের কথকতা (Epics monologues of a layman): পাঞ্চালী মুখোপাধ্যায় (Panchali Mukhopadhyay) অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, সংস্কৃত বিভাগ, যোগমায়া দেবী কলেজে।


















