পুকুরঘাটের পাশেই ছিল কয়েকটা বড় পেয়ারা গাছ ও সবেদা গাছ। যখন হরিয়ালদের ঝাঁক এসে সেই গাছে বসত তার ডানার শব্দ ঘরের মধ্যে থেকেই শোনা যেত। তখন মাকে বলতে শুনেছি, “ওই দেখ ঢপঢপে পাখিরা এসেছে।” অমনি ছুটতাম দেখার জন্য। খুঁজে পেতে কিন্তু বেশ সমস্যা হত কারণ গাছের সবুজ পাতার সঙ্গে ওদের গায়ের রঙ দারুণভাবে মিশে যেত।





















