নৈমিষারণ্যে সেদিন চাঁদের হাট বসেছে। অগ্রগণ্য সকল ঋষিগণ উপস্থিত। ঋষি মেধা, অত্রি, ধৌম্য, গৃত্সমদ, যাজ্ঞবল্ক্য, বিশ্বামিত্র, অষ্টাবক্র, মহাতপাসহ অনেকেই সভা উজ্জ্বল করে বসে আছেন। এছাড়াও আচার্য পাণিনি মাতুল ব্যাড়ির সঙ্গে এসেছেন এই মহতী সভায়। আচার্য কৌটিল্য এসেছেন, রাজনীতিজ্ঞ কৌণপদন্ত, বাতব্যাধি বসে উৎকৃষ্ট তক্র পান করছেন। মধ্যমণি আচার্য বৈশম্পায়ন। পরস্পর বিশ্রম্ভালাপ, দেশ-দশের খবরাখবর আদানপ্রদান চলছে।






















